সুভাষ দত্তের প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ নভেম্বর প্রয়াত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্ত। আমাদের দেশের চলচ্চিত্র যে কয়েকজন কৃতি মানুষের কাছে ঋণী, তিনি তাঁদের অন্যতম। এবারের ‘আনন্দ’-এর আয়োজনে এই গুণী নির্মাতাকে নিয়ে লিখেছেন চলচ্চিত্রের দুই কৃতি অভিনয়শিল্পী সুচন্দা ও ববিতা। কারও কাছে তিনি দত্তকাকু, কারো কাছে দত্তদা... তুমি কি কেবলই ছবিসুচন্দাশৈশব থেকে আমি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড তথা নাচ-গানের সঙ্গে যুক্ত। যশোরের মোমিন গার্লস স্কুলের অনেকেই তখন আমাকে ‘শকুন্তলা’ নামে ডাকতেন। কারণ, শকুন্তলা নৃত্যনাট্যে অভিনয় করেছিলাম। কিন্তু চলচ্চিত্রে অভিনয় করব, নায়িকা হব—এমনটা স্বপ্নেও ভাবিনি। যশোরের সেই অখ্যাত কোহিনূর আক্তার চাটনিকে সুচন্দা করে গড়ে তুলেছেন সুভাষ দত্ত, আমার প্রিয় দত্তকাকু। আজ যে চলচ্চিত্রে এত দূর এসেছি, সবকিছুই দত্তকাকুর অবদান। কাকু, আপনি যখন চিরঘুমে নিজের বাড়িতে শুয়ে আছেন, আপনার বাড়ির সামনে তখন অগুনতি মানুষের ভিড়। ওরা আপনার ভক্ত। আপনাকে হারিয়ে কেবলই হাহাকার করছে। এমন হাহাকার ছিল এফডিসিতেও। অন্যান্য দিনের মতো হইহই করতে করতে নয়, সেদিন আপনি এফডিসিতে এসেছেন আপনার স্বভাববিরুদ্ধভাবে, নীরব-নিথর হয়ে। কাকু, সেদিন কি দেখেছিলেন, আপনার কফিনের পাশে দাঁড়িয়ে আছে সুচন্দা, আপনার স্নেহের সুচন? কাকুকে প্রশ্ন করি, তিনি নিরুত্তর।আমার দত্তকাকু, সুভাষ দত্তকে প্রথমে চিনতাম অভিনেতা হিসেবে। তালাশ, চান্দা, হারানো দিন—এসব চলচ্চিত্রে তাঁর কী দুর্দান্ত কমেডি অভিনয়! এরপর যশোর ছেড়ে যেই না ঢাকায় এলাম, কীভাবে কীভাবে যেন সুভাষ দত্ত আবিষ্কার করলেন আমাকে। তখন ১৯৬৫ সাল। হঠাৎ একদিন একজন লোক এসে আমার আব্বাকে বলল, সুভাষ দত্ত আপনার ও আপনার মেয়েকে দাওয়াত করেছেন। সুতরাং চলচ্চিত্রের পরিচালক সুভাষ দত্তকে সে সময় সবাই একনামে চেনে। তো, আব্বাসহ আমি গেলাম তাঁর তাঁতীবাজারের বাসায়। আমি তো ভয়ে অস্থির। কারণ, আমার হাসির রোগ আছে। তার ওপর চলচ্চিত্রে অভিনীত তাঁর কমেডি দৃশ্যের কথা মনে করে যদি হেসে ফেলি—এই চিন্তায় তটস্থ সে সময়। তাই গম্ভীর হওয়ার ভাব করে একমনে নখ দিয়ে টেবিলে আঁক কষছি। একসময় আব্বাকে দত্তকাকু বললেন, তিনি কাগজের নৌকা নামে একটি চলচ্চিত্র বানাবেন। ওই ছবির নায়িকা হিসেবে আমাকে নিতে চান। আরও অনেক কথা হলো সেদিন। শেষে বিদায় নিয়ে যখন চলে আসছি আমরা, আমাকে চমকে দিয়ে কাকু বললেন, ‘আমার ছবির নায়িকা মেডিকেল পড়ুয়া। তার তো এত বড় বড় নখ থাকা চলবে না।’তখন আমার হাতের নখ খানিকটা বড় ছিল। কিন্তু কাকু যে এটিও খেয়াল করবেন, তা বুঝিনি! পরে বিভিন্ন পরীক্ষায় পাস করে কাগজের নৌকা ছবির নায়িকা হিসেবে মনোনীত হলাম। চিনলাম নতুন এক সুভাষ দত্তকে, না পারলে হাতে ধরে যিনি সবকিছু শিখিয়ে দেন, কাজের ব্যাপারে যিনি খুবই খুঁতখুঁতে—এ রকম কত গুণ তাঁর! তিনি জানতেন, একজন শিল্পীর ভেতর থেকে কীভাবে অভিনয় বের করে আনতে হয়।একটা ঘটনা বলি। সুভাষ দত্ত পরিচালিত আয়না ও অবশিষ্ট ছবির শুটিং করছি। সেখানে একটি দৃশ্যে আমাকে কাঁদতে হবে। গ্লিসারিন দিয়ে কান্নাকাটি মোটেই পছন্দ করতেন না কাকু। তিনি চাইতেন কান্না যেন প্রকৃতই কান্না হয়। কিন্তু কিছুতেই তো কাঁদতে পারছি না। শেষমেশ কাকু যখন আমাকে জিজ্ঞেস করলেন, কেন কাঁদতে পারছি না, তখন আবার হাসতে শুরু করেছি আমি। এটা দেখে তিনি আমাকে মারলেন এক চড়। এরপর আমার কান্না দেখে কে। দত্তকাকু বললেন, ‘হ্যাঁ, এভাবে কাঁদো। কাঁদতে কাঁদতে সংলাপ বলো।’—তিনি ছিলেন এমনই।দত্তকাকুর সঙ্গে আমার সম্পর্কটা ছিল পারিবারিক। একজীবনে কত কত স্মৃতি তাঁর সঙ্গে! কাকু, এফডিসিতে সেদিন যখন শেষবার এলেন, দেখলাম শুভ্রতায় ভরে গেছে আপনার মুখ। কিন্তু কোনো কথা নেই সে মুখে। সেদিন আমি তাকিয়ে ছিলাম আপনার দিকে। মনে আশা, আপনি যদি আমাকে ‘সুচন্দা, সুচন’ বলে ডেকে ওঠেন। দত্তকাকু, আপনি কি কেবলই ছবি হয়ে থাকবেন, নাকি কখনো আবার আমাকে নাম ধরে ডাকবেন?দাদার শূন্যতা পূরণ হবে নাববিতা১৭ নভেম্বর। খবরটা শুনেই ধাক্কা খেলাম। কানাডা আসার আগে দত্তদার খবর যতটুকু জেনেছিলাম, তিনি স্বাভাবিক জীবনই যাপন করছেন। আচমকা তাঁর মৃত্যুর সংবাদ পাওয়ার পর যেন আর কথা বলতে পারছিলাম না। আফসোস, দাদার মৃত্যুর পর তাঁর মরদেহটা দেখা হলো না আমার।দত্তদার সঙ্গে পরিচয়টা হলো স্বাধীনতার পরে। আমি তখন সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবিতে কাজ করব বলে কলকাতা থেকে ঘুরে এলাম। দেশের সবাই জানল, আমি সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এই সময়েই আবার সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলাম। আমি তাঁর নাম শুনেছিলাম আগেই। স্বাধীনতার আগেই সুতরাং ছবি নির্মাণ করে দাদা তখন বেশ আলোচিত পরিচালক ও অভিনেতা। সুভাষ দত্তের কাগজের নৌকা ছবিতে কাজ করে বেশ পরিচিতি লাভ করেছিলেন সুচন্দা আপাও। আমি পড়ে গেলাম সমস্যায়। দত্তদার অরুণোদয়ের অগ্নিসাক্ষী এবং সত্যজিৎ রায়ের অশনি সংকেত-এর শিডিউল একই সময়ে। এখন কি দত্তদার ছবি করব নাকি ছেড়ে দিয়ে সত্যজিৎ রায়ের ছবি করব? সুভাষ দত্তদা আবার সত্যজিৎ বলতে অজ্ঞান। নিরুপায় হয়ে দত্তদার কাছেই গেলাম। তিনি বললেন, ‘তুমি অবশ্যই সত্যজিৎ রায়ের ছবি করবে এবং আমারটাও করবে।’ শিডিউলটা তিনি এমনভাবে করলেন যেন কাজ করতে সমস্যা না হয়। অরুণোদয়ের অগ্নিসাক্ষী শুটিং হবে কুমিল্লার ময়নামতী ক্যান্টনমেন্টে। গল্পটা জানা, একটি গ্রামের সাধারণ মেয়ের সঙ্গে একটি সাধারণ ছেলের প্রেম। মেয়েটির সামনে পুরো পরিবারের সবাইকে মেরে ফেলা হয়। আমরা খুব কষ্টের মধ্যে শুটিং করছি। চারদিকে মাইন পোঁতা। লাশ আর লাশ। কঙ্কাল পড়ে আছে চারদিকে। একটি ঘরের দেয়ালে মেয়েদের হাতের লেখা আছে, ‘একটু পরে আমাকে নিয়ে ফুর্তি করা হবে।’ এমন সব দৃশ্য দেখে আমিও জানি কেমন হয়ে গেছি। ছবি প্রসঙ্গে একটা শুটিংয়ের দৃশ্যের কথা বলি। আমার সামনে পরিবারের সবাইকে মেরে ফেলা হবে আর আমাকে তুলে নিয়ে ফুর্তি করা হবে। আমার মনে হচ্ছিল, আমি যেন সত্যিই এমন অবস্থায় পড়েছি। ক্যামেরা চালু হওয়া মাত্র আমি এমনভাবে কাঁদতে থাকি যে ক্যামেরা বন্ধ হওয়ার পরেও আমি শুধু কেঁদেই যাচ্ছি। শুটিং শেষ হওয়ার পর সুভাষদা আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘ববিতা, তোমার অভিনয় চমৎকার হয়েছে।’ আমি তখনো কাঁদছি। শুধু কি একটি ছবি? বসুন্ধরা বা ডুমুরের ফুল-এর কথা যদি বলি, তাহলে চোখের সামনে ভেসে ওঠে কত স্মৃতি। আর ফুলশয্যা ছবির কথা মনে হলে তো আমি হারিয়ে যাই কত শত স্মৃতির মায়াজালে।দাদা, আপনি বড় নীরবে চলে গেলেন। আপনি শুধু একজন নির্মাতাই ছিলেন না, ছিলেন আমাদের অভিভাবক। জহির ভাইকে হারিয়েছি অনেক আগেই। আতা ভাই চলে গেছেন। বেবী ভাই নেই। মিতাদা তো আগেই চলে গেছেন। আপনিও চলে গেলেন। আপনার শূন্যতা কোনো দিন পূরণ হবে না।