সুমন কল্যাণের ‘নাগরিক আকাশ’
প্রায় ২০ বছর সুর ও সংগীতায়োজন করে এবার নিজেই গানের অ্যালবাম প্রকাশ করলেন সুমন কল্যাণ। সম্প্রতি বাজারে এসেছে সুমন কল্যাণের প্রথম একক অ্যালবাম ‘নাগরিক আকাশ’। অ্যালবামে গান রয়েছে ১০টি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ নিজেই।সুমন বলেন, ‘১৯৯২ সালে সুর ও সংগীতের কাজ শুরু হলেও ২০০২ সাল থেকে পুরোপুরি পেশাদারি মনোভাব নিয়ে সংগীতে ক্যারিয়ার শুরু হয়। এই দীর্ঘ সময়ে সংগীত জগতের অনেক গুণী মানুষ আমার সুর ও সংগীতে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি তরুণ প্রজন্মের অনেকেই আমার সুর ও সংগীতে গান করেছেন। একসঙ্গে কাজ করার সময় তাঁরা আমাকে নানাভাবে অ্যালবাম প্রকাশের ব্যাপারে উত্সাহ দেন। মূলত তাঁদের উত্সাহ এবং নিজের ইচ্ছার একটা প্রতিফলন ঘটাতে চেয়েছি “নাগরিক আকাশ” অ্যালবামের মধ্য দিয়ে।’নাগরিক আকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এক বছর ধরে গানগুলো তৈরি করেছি। গানগুলোর সঙ্গে আমার দীর্ঘ সংগীতজীবনের সঞ্চয়, উপলব্ধি, ভাবনা ও ভালোবাসা জড়িয়ে আছে। গানগুলো শ্রোতার পছন্দ হলেই আমার গাওয়া সার্থক হবে।’অ্যালবামে কবি মহাদেব সাহার ‘স্মৃতি’ কবিতাটিকে গান করা হয়েছে। এ ছাড়া নাগরিক আকাশ অ্যালবামের শিরোনাম সংগীতটি লিখেছেন মাহমুদ মানজুর। অ্যালবামের অন্য গানগুলোর কথা লিখেছেন আসিফ ইকবাল, লুত্ফর হাসান, জাহিদ আকবর, রবিউল ইসলাম, সোমেশ্বর অলি, ইশতিয়াক আহমেদ, সাইফুদ্দিন ইমন, সেজুল হোসেন প্রমুখ।সুমন কল্যাণের সুর ও সংগীতায়োজনে বিভিন্ন শিল্পীর গাওয়া অনেক গানই প্রশংসা কুড়িয়েছে। এসব গানের উল্লেখযোগ্য শিল্পীরা হলেন: সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, শাম্মী আখতার, নকীব খান, কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার প্রমুখ।