সুমনা হকের ‘মনের আকাশে রংধনু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে কাল রোববার শুরু হচ্ছে শিল্পী সুমনা হকের একক চিত্রকলা প্রদর্শনীর। ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর শিরোনাম হচ্ছে মনের আকাশে রংধনু। সুমনা হকের একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী ও বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম।সুমনা হকের একক চিত্র প্রদর্শনী উপলক্ষে আজ শনিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী ও ব্যবস্থাপক সারোয়ার জাহান ও শিল্পী সুমনা হক। তিনি বলেন, দুই-তিন বছর ধরে আমার মনের ভেতর প্রকৃতি ও প্রেমকেন্দ্রিক যেসব বিষয় ভালো লাগার জোগান দিয়েছে, সেসব বিষয়ই তাত্ক্ষণিকভাবে রঙের তুলি দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। খুব সহজভাবেই তা আঁকার চেষ্টা করেছি যেন দর্শক ছবির ভাষা সহজেই বুঝতে পারেন।জানা গেছে, প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৬৭টি।উল্লেখ্য, শিল্পী ও গায়িকা সুমনা হক ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১৯৮৮ সালে স্নাতক এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর তিনটি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং কানাডা, জাপান, যুক্তরাষ্ট্রসহ দেশ-বিদেশে বহু প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। বর্তমানে তিনি ফ্রি ল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।১৯৮৮ সালে সারগামের ব্যানারে তাঁর প্রথম একক গানের অ্যালবাম ‘মায়াবী রাতে’ বাজারে আসে। এরপর বেশ কয়েকটি বছর বিরতি নিয়ে সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসে ‘মাঝে কিছু বছর গেলো’ একক অ্যালবামটি।সর্বশেষ ২০১০ সালে বেঙ্গল মিউজিকের ব্যানারে বাজারে আসে সুমনা হকের রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম ‘তুমি রবে নীরবে’। সহস্রাধিক জিংগেলেও কণ্ঠ দিয়েছেন গুণী এই শিল্পী।