সুমনা হকের ‘মনের রঙে নিবিড় খেলা’
সুকণ্ঠী গায়িকা, ‘জিঙ্গেল কন্যা’ সুমনা হক এবারে আসছেন তাঁর ‘মনের রঙে নিবিড় খেলা’ নিয়ে। সুমনা-ভক্তদের জন্য বাড়তি তথ্য হচ্ছে, এটি সুমনা হকের নতুন কোনো গানের অ্যালবাম নয়। ‘মনের রঙে নিবিড় খেলা’ চিত্রশিল্পী সুমনা হকের একক চিত্রপ্রদর্শনীর শিরোনাম। তাঁর এ একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে।জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসই সুমনা হকের একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে। ২৪ থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ চিত্রপ্রদর্শনী চলবে। ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।‘মনের রঙে নিবিড় খেলা’ শিরোনামে সুমনা হকের এ চিত্রপ্রদর্শনীতে মোট ৩৪টি ছবি স্থান পেয়েছে। এর আগে ২০০২ সালে দেশের বাইরে প্রথমবারের মতো জাপানের টোকিওতে ‘নস্টালজিয়া’ শিরোনামে সুমনা হকের একক চিত্রপ্রদর্শনী হয়। ‘মনের রঙে নিবিড় খেলা’ শিরোনামে এই প্রদর্শনীর জন্য গত ১৪ জুলাই তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গিয়েছেন। ফিরবেন আগামী ৫ সেপ্টেম্বর।এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সুমনা হক জানান, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায়ই এ প্রদর্শনী হতে যাচ্ছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস, প্রদর্শনীতে আগত অতিথিদের আমার আঁকা ছবি মুগ্ধ করবে।’সুমনা হক কণ্ঠশিল্পী হলেও বিজ্ঞাপনের জিঙ্গেলের জন্যই তিনি বেশ পরিচিত। অসংখ্য বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠদানের কারণে সবাই তাঁকে জিঙ্গেল কন্যাও বলে থাকেন। পাশাপাশি একজন ভালো চিত্রশিল্পীও হিসেবে তিনি সুনাম কুড়িয়েছেন। গত বছরের শেষের দিকে বেঙ্গল গ্যালারিতে তাঁর চতুর্থ একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। ‘মনের আকাশে রংধনু’ শিরোনামের এই একক চিত্রপ্রদর্শনী করেছিলেন নয় বছর বিরতির পর।