সুমনের কথা ও সুরে আবার সাবিনা
‘সুপ্রভাত বিষণ্নতা, তোমার আমি তোমার/হঠাৎ স্মৃতির বিপন্নতা, তোমার আমি তোমার’; ‘ছেলেবেলা ডাক দিয়ে যায়’; ‘রং ভালোবাসি, তবু রং চিনি না/ রং দেখে কিনি, শুধু রং কিনি না’; ‘বহুকাল এই পথে চলা/সাথী ছিল আরও কেউ কেউ/এখন গল্পটুকু বলা/ কাহিনিতে ছোট ছোট ঢেউ’—সাবিনা ইয়াসমীনের নতুন অ্যালবামের চারটি গানের কিছু কথা। অ্যালবামের নাম সুপ্রভাত বিষণ্নতা। পুরো অ্যালবামের গান লিখেছেন ও সুর করেছেন কবীর সুমন।সাবিনা জানালেন, কবীর সুমনের সঙ্গে এটি তাঁর তৃতীয় অ্যালবাম। দুটির মধ্যে দ্বৈত অ্যালবামটি ঢাকা ও কলকাতা থেকে বেরিয়েছিল। নামও ছিল দুটি। ঢাকারটির নাম গানে গানে দুটি মন আর কলকাতায় অচেনা ছুটি। আর বছর আট-নয়েক আগে বেরিয়েছিল একক অ্যালবাম তোমায় খুঁজছি।সাবিনা এখন ভারতের দিল্লিতে রয়েছেন। স্বামী কবীর সুমনের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সেখানে। মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একটানা সাড়ে তিন মাস অনেক কাজ করেছি। এখন একটু বিশ্রাম নেওয়ার জন্য দিল্লি এসেছি।’নতুন অ্যালবাম প্রসঙ্গে তিনি বললেন, ‘অ্যালবামের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। প্রতিটি গানই একেবারে আলাদা ধরনের। ভাবনা, কথা, সুর আর সংগীতায়োজনের দিক থেকে একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই।’জানা গেছে, সুপ্রভাত বিষণ্নতা বের হবে ঢাকা থেকে; আর তা খুব শিগগির।