খুলনার মেয়ে সুমী, খুলনার ব্যান্ড লালন। ২০০৭ সালে বিপ্রতীপ-এর পর সম্প্রতি বের হয়েছে তাঁদের দ্বিতীয় অ্যালবাম ক্ষ্যাপা। তাঁদের নিয়ে
সুমী ও লালন
২০০৩ সালের বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চে সেরা একক শিল্পীর পুরস্কার পান সুমী। সেখানেই পরিচয় লিমনের সঙ্গে। সেবার লিমন পেয়েছিলেন সেরা সংগীতায়োজক ও গীতিকারের পুরস্কার। এরপর খুলনার মেয়ে আবারও খুলনায়। লালন নিয়ে গান গেয়ে বেড়াতে লাগলেন সেখানেই।ব্যান্ড লালনের জন্ম অবশ্য তারও আগে, ২০০১ সালে। সুমী তখন খুলনা বেতারে গাইতেন। কনসার্ট করে বেড়াতেন নিয়মিত। আর সব সময়ই সুমীর সঙ্গে বাজাতেন আশিক, মাসুম ও রানা। ‘তখন শুধু ওদের সঙ্গেই গাইতাম। এভাবে নিয়মিত ওদের সঙ্গে বোঝাপড়াটা ভালো হয়ে যায়।’ বলছিলেন সুমী, ‘এরপর এক কনসার্টে মঞ্চে ওঠার আগে হুট করে আমরা সিদ্ধান্ত নিলাম, এখন থেকে সুমীর নামে নয়, আমরা গাইব ব্যান্ড হিসেবে।’ কী নাম দেওয়া যায়, ভাবতে ভাবতে সুমী বলে ওঠেন, ‘লালন দিলে কেমন হয়?’ সবাই একবাক্যে রাজি। সেদিন থেকেই দলটির নাম হয়ে যায় লালন।২০০৭ সালে প্রথম অ্যালবাম বিপ্রতীপ। সুমীর ভিন্ন রকম গায়কী আর ব্যান্ডের সম্মিলিত প্রয়াসে শুরু থেকেই শ্রোতাদের মনে একটা আলাদা জায়গা করে নেয় লালন। তবে এরপর একটা বিরতি। ব্যান্ডের বাকি তিনজন তখন সোলসের নিয়মিত সদস্য। ঠিকমতো সময় দিতে পারছিলেন না লালনে। তাই দলে জায়গা করে নিলেন মাসুম, সেন্টু, তিতি ও লিমন। নতুনভাবে যাত্রা শুরু করল লালন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের দ্বিতীয় অ্যালবাম ক্ষ্যাপা।ব্যান্ডের নাম লালন কেন?—সম্ভবত এ প্রশ্নটাই সবচেয়ে বেশিবার শুনতে হয়েছে ব্যান্ডের সদস্যদের। উত্তর দিলেন সুমী, ‘আমি শুরু থেকেই লালনের গান বেশি গাইতাম। জীবনের তাগিদে অন্য গান হয়তো গেয়েছি, কিন্তু কখনোই শান্তি পাইনি। লালনের প্রতি সেই ভালোবাসাটা প্রকাশ করার একটা মাধ্যম বলা যায় এই নামকরণকে।’ লিমন বললেন, ‘সাঁইজির গান তো শুধু গান নয়। তাঁর গান হলো দর্শন। তরুণ প্রজন্মের অনেকেই লালনকে চেনে না। আমাদের ব্যান্ডের নামের মাধ্যমে তারা যদি লালন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে, সেটাও একটা সফলতা।’ব্যান্ডের নতুন লাইনআপের বয়স খুব বেশি দিন না হলেও এরই মধ্যে সবাই সবার চরম বন্ধু। ‘এই ব্যান্ডের সবচেয়ে ভালো দিক হচ্ছে, আমাদের মধ্যে কোনো ইগো সমস্যা নেই। ব্যান্ডের বাইরে যে যেটা ইচ্ছে, সেটা করতে পারে।’ বলছিলেন তিতি। নতুন অ্যালবামে লালনের এমন কিছু গান জায়গা পেয়েছে, যেগুলোর সুর লালনের নয়। শফি মণ্ডলের সুরে গানগুলো করেছে লালন। সুমী বললেন, ‘লালন সাঁইয়ের এ রকম বহু গান আছে, যেগুলো তিনি সুর করেননি। কিংবা সুর করলেও সেটা পাওয়া যায়নি। আমরা সেই সব অপ্রচলিত গানই তুলে আনতে চাইছি আমাদের ব্যান্ডের মাধ্যমে।’অন্যান্য অ্যালবামের মোড়ক উন্মোচন হয় একবার। আর ক্ষ্যাপা অ্যালবামের মোড়ক উন্মোচন হয়েছে চারবার! একবার ইটিভির লাইভ কনসার্টে, একবার এবিসি রেডিওতে, একবার গণমাধ্যমের জন্য স্থানীয় এক রেস্তোরাঁয় এবং একবার জনসাধারণের সামনে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে। সুমী বললেন, ‘আমরা সম্ভাব্য সব রকমভাবেই অ্যালবামের মোড়ক উন্মোচন করেছি, যাতে সবাই অ্যালবাম সম্পর্কে জানতে পারে। অ্যালবামের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, আমরা অনেকাংশেই সফল।’