সুযোগ ও অভিজ্ঞতা বড় বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরিন বকুল—মঞ্চে কাজ করছেন প্রায় ২৫ বছর। প্রথম নাটকের দল ছিল থিয়েটার। এরপর যোগ দেন আরণ্যকে। এখানে দুই বছর কাজ করে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন। এখনো এ দলেই কাজ করছেন। বর্তমান নাগরিক নাট্যসম্প্রদায়ের কী কী নাটকে কাজ করছেন?এখন দলের রক্তকরবী নাটকটিতে নিয়মিত কাজ করছি। এ নাটক দিয়েই নাগরিকে কাজ শুরু করেছিলাম। এখানে আমার চরিত্র চন্দ্রা। এ পর্যন্ত নাটকটির ৮০টির বেশি প্রদর্শনী হয়েছে। গত বছর নাটকটি নিয়ে আমরা মিসরের কায়রো এক্সপেরিমেন্টাল আন্তর্জাতিক নাট্যোৎসবে যোগ দিয়েছিলাম। এ ছাড়া দলের আরও তিনটি নাটক কাঁঠাল বাগান, ছায়ানট ও অপেক্ষমাণ-এর নিয়মিত প্রদর্শনী হচ্ছে। নাটক তিনটিতে আমি কাজ করছি না। তবে মাঝখানে ছায়ানট নাটকটির মহিলা সাংবাদিক চরিত্রটির কয়েকটি প্রদর্শনীতে অংশ নিয়েছিলাম।তাহলে মঞ্চে নিয়মিত কাজ করছেন না কেন?রক্তকরবী, কাল সন্ধ্যা ও নাট্যত্রয়ী নাটকগুলো করার পর দলের অন্য নাটকে তেমনভাবে অংশ নিতে পারিনি। সে সময় সারা যাকেরের নির্দেশনায় নারীগণ নাটকটি করার কথা ছিল, কিন্তু পরে আর কাজটি হয়নি। নারীগণ নাটকটিতে কাজের জন্য নিজের প্রস্তুতিও ছিল। এরপর একটা সময় টিভি নাটকে কিছুটা ব্যস্ত হয়ে পড়ায় মঞ্চে আর নিয়মিত হতে পারিনি।তাহলে মঞ্চে কি আর নিয়মিত হচ্ছেন না?আমি মঞ্চের কর্মী। মঞ্চ দিয়েই অভিনয়টা শিখেছি। তাই মঞ্চ থেকে বিছিন্ন হওয়ার ইচ্ছা নেই। এখানে সব সময়ই নিয়মিত কাজ করতে চাই। এখন তো অনেকের মতো আমিও টিভি নাটকে অভিনয় করাটা পেশা হিসেবে নিয়েছি। তবে সময় মিলিয়ে নিয়ে টেলিভিশনের কাজের পাশাপাশি মঞ্চে নিয়মিতই সময় দেব।সেদিক থেকে ঢাকার অন্য দলের নাটক নিয়মিত দেখা হয় কি?না। এখানেও কিছুটা পিছিয়ে গেছি। আগে যতটা দেখা হতো, এখন হয় না। তবে সম্প্রতি গাজী রাকায়েতের রিপার্টরি থিয়েটার চারুনীড়মের একটি প্রযোজনা দেখলাম। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ইবসেন নাট্যোৎসবে সেন্টার ফর এশিয়ান থিয়েটারসহ বিদেশি কয়েকটি দলের নাটক দেখেছি। আমি আগেই বলেছি, বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রার চাহিদা অনেক বেড়েছে। সেদিক থেকে কাজের পরিধিও বেড়েছে। ফলে মঞ্চের বাইরেও নিজের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আগের মতো এখন নাটক দেখাও কম হচ্ছে।ঢাকার মঞ্চে আপনার সমসাময়িক অনেকেই নির্দেশনা দিচ্ছেন। আপনার খবর কী?মঞ্চে নির্দেশনা দেওয়ার ইচ্ছা আছে। কিন্তু সুযোগ ও অভিজ্ঞতা বড় বিষয়। আমি সব বড় দলে কাজ করেছি। বড় দলের নাটকে নির্দেশনা দেওয়ার সুযোগ পাওয়াও কঠিন। এখন আমি নাগরিকে কাজ করছি। এখানে এখনো আমার চেয়ে অভিজ্ঞতাসম্পন্ন অনেকেরই নির্দেশনা দেওয়ার সুযোগ আসেনি। হয়তো একটা সময় আসবে। যদি কখনো আমার সেই সুযোগ আসে এবং আমি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, তাহলে নির্দেশনার কাজ করব।