সুরকার থেকে উপস্থাপনা
শেখ সাদী খান দীর্ঘদিন ধরে গানের সুর ও সংগীত পরিচালনা করছেন। এবার তিনি উপস্থাপনা করেছেন। আর তা পুরোটাই গানের অনুষ্ঠান—তুমি এখন ভালো আছো তো?। বিটিভিতে এবার ঈদে দেখানো হবে অনুষ্ঠানটি।শেখ সাদী খান বললেন, ‘আমার সমসাময়িক অনেকেই বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। গানের অনুষ্ঠানের বাইরে আমি কয়েকটি টক শোতে গিয়েছি। কিন্তু উপস্থাপনা এবারই প্রথম করেছি। অনুষ্ঠানটির নির্মাতা আনজাম মাসুদ যখন আমাকে অনুরোধ করলেন, তখন ভয় পেয়েছিলাম। ক্যামেরার সামনে কথা বলা সহজ কাজ নয়। কিন্তু কাজটি করার পর এখন খুব ভালো লাগছে। এখন ভাবছি, ভবিষ্যতে গানের অনুষ্ঠান উপস্থাপনা করতে কোনো অসুবিধা হবে না।’এই অনুষ্ঠানে গান করেছেন কণা, নির্ঝর, রন্টি দাস ও বীণা। তাঁরা প্রত্যেকেই এ সময়ের শিল্পী। তাঁদের গানের ব্যাপারে শেখ সাদী খান বললেন, ‘আমার কাছে তো ভালোই মনে হয়েছে। এখন দর্শক যদি পছন্দ করে, তাহলেই আমাদের সবার কাজ সার্থক হবে।’