>

আসমান ফকির হাতের মুদ্রায় আবিষ্ট করেন দর্শকদের। তিনি ভবিষ্যৎ দেখতে পান। সুরগাঁওয়ের পত্তনকারী আনাল ফকির এক শ আশি বছর আগে এক রাতে গ্রাম থেকে উধাও হয়েছেন
নকশাবন্দী মন, ‘সুরগাঁও’ দেখতে কেমন
মাসুম রেজা লিখেছেন মঞ্চনাটক সুরগাঁও। নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি। প্রযোজনা—দেশ নাটক। ২০ জানুয়ারি ২০১৭, শুক্রবার নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ঢাকার শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল হলে। নাটক শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ছয়টায়। বিকেল পাঁচটায় গিয়ে হাজির হয়েছি। হলের চারপাশে তখন প্রচুর মানুষ। বিভ্রান্ত হলাম। ভেবেছি উৎসব হচ্ছে কোনো। এখানে সুরগাঁও নাটকের প্রদর্শনী হওয়ার কথা। একে-ওকে জিগ্যেস করি, ‘কেন এসেছেন?’ বলে, ‘সুরগাঁও দেখতে।’ হকচকিয়ে যাই। এত মানুষ! হলে ঢুকে আমার ভেতর হতভম্ব ভাব চলে আসে। দর্শকে পূর্ণ হয়ে গেছে পুরো হল। নিচে-ওপরে মিলিয়ে সাড়ে ৮০০ জন বসার ব্যবস্থা। একটি আসনও ফাঁকা নেই। হলের ফ্লোরে বসে, দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আরও দেড় শ দর্শক। মনে মনে হিসাব করি। সাড়ে ৮০০ আর দেড় শ। ১ হাজার মানুষ। খোঁজ নিয়ে জানতে পারি প্রায় ৩ শতাধিকের মতো দর্শক ফিরে গেছেন টিকিট না পেয়ে। সুরগাঁও আমাদের আলো দেখায়। হতাশা থেকে টেনে তুলে আনে উচ্ছ্বাসে। মঞ্চনাটকে দর্শকের খরা বলে আসছিলাম। সুরগাঁও সে কথা ভুল প্রমাণ করে। হাজার দর্শকের উপস্থিতিতে তার স্বাক্ষর থেকে যায়।
দর্শক এসেছেন মাসুম রেজার নাটক দেখতে। বুঝে ফেলি আস্থাশীল নাট্যকার আমাদের টেনে এনেছে নাটকের হলে। আমরা এখন বলতে পারব, না, আমাদের মঞ্চনাটকের দর্শক নেই। দর্শক আছে। তাঁরা নাটক দেখতে চান। দরকার আস্থাশীল নাট্যকার।
হরতনে বান্ধিয়া ঘড়ি, এ গাঁয়ে কাদের বসতবাড়ি
নাটক শুরু হয়। শুরু হয় জাদুবাস্তবতা। আসমান ফকির হাতের মুদ্রায় আবিষ্ট করেন দর্শকদের। তিনি ভবিষ্যৎ দেখতে পান। সুরগাঁওয়ের পত্তনকারী আনাল ফকির এক শ আশি বছর আগে এক রাতে গ্রাম থেকে উধাও হয়েছেন। তিনি ফিরে আসছেন সুরগাঁওয়ে। ফিরে আসেন। সময়ের বিপরীতে এক শ আশি বছর আনাল ফকির প্রত্নকাল ভ্রমণ করেছেন। কালের গর্ভ থেকে নিয়ে এসেছেন মূল্যবান সব সামগ্রী। স্যার টমাস মুরের নিজের হাতে লেখা কাগজ। ষোলো শতকের স্মারক। সক্রেটিসকে যে পানপাত্রে হেমলক পান করানো হয়েছিল সেই পাত্র। আমাদের মনে হয় এ বুঝি অতীত কথা। পুরোনো গল্প। অতীত ঠাঁই নেয় বর্তমানে। অতীত আর বর্তমান গিয়ে মেশে ভবিষ্যতে।
আমরা নিটল গল্পের ঠাস বুনন দেখি মঞ্চে। আলোড়িত হই। আনন্দিত হই। আনন্দের ভাঁজে ভাঁজে থাকে চিন্তা। গভীর ভাবনা। তাতে আনন্দের রস এতটুকু ম্লান হয় না। সুরগাঁও আনন্দের গল্প আর গভীর দর্শনের ভাবনা নিয়ে অসামান্য শিল্পে পরিণত হয়। মানুষ যা যুক্তি দিয়ে বোঝে, সেই যুক্তির ওপর ভর করে আগামীর স্বপ্ন দেখে। তার আছে অতীত অভিজ্ঞতা। সুরগাঁও-এ যা ঘটে, তা কেবল সুরগাঁও গ্রামের ঘটনা থাকে না। সেই ঘটনা মিলে যায় বৈশ্বিক রাষ্ট্রনীতি আর সমরনীতির সঙ্গে। যুদ্ধ সব সময় মানবতাকে ধ্বংস করে। সুরগাঁও যুদ্ধের বিপক্ষেÿ দাঁড়ায়। বাঁশিবুড়ি বাঁশির সুরে মানুষের ভাবশুদ্ধি ঘটায়। পঙ্কিল মনের মানুষ শুদ্ধ হয়। নাটক যেমন শুরু হয় মোহ দিয়ে। পরিক্রমা করে গভীর দর্শন। শেষ হয় মানবতার পক্ষে ভালোবাসা দিয়ে। নাটকে দৃশ্যপট বদলায়। মঞ্চ অন্ধকার হয়ে যায়। কিন্তু নির্দেশক দর্শকের মনোযোগ অন্যত্র সরাতে দেন না। আঁধারে শেষ সংলাপ প্রতিধ্বনিত হতে থাকে।
১ ঘণ্টা ৪৫ মিনিটের নাটক দেখে দর্শক মুগ্ধ হন। আসমান ফকির ভবিষ্যৎ দেখে। হাজার দর্শকের দিকে তাকিয়ে বলে, ‘আপনারা একদিন হলুদ প্রজাপতিতে রূপান্তরিত হবেন এবং আপনাদের ঠোঁটে হুল গজাবে।’ দর্শক হিসেবে আমরা দায়বদ্ধ হয়ে পড়ি সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি। সত্য প্রতিষ্ঠায় সুরগাঁও আমদের আগ্রহী করে তোলে।

মিলিত বাঁশির তুমুল সুর, ভেসে যায় কোথা অচিনপুর
মঞ্চনাটকের অভিনেতা-অভিনেত্রী নিয়ে আমাদের হতাশা ছিল। কমে যাচ্ছে সৃজনশীল দক্ষÿকুশীলব। সুরগাঁও সেখানেও আশার আলো জ্বালিয়েছে। কী অসাধারণ টিমওয়ার্ক। প্রত্যেকে অভিনয় করেছেন অসম্ভব দক্ষতার সঙ্গে, সমান তালে। নাটকের সেট, লাইট, প্রপস, কস্টিউম প্রতিটি ক্ষেত্রে আছে মুনশিয়ানার ছাপ। প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের অসাধারণ মিশেলে তৈরি হয়েছে এক অদ্ভুত ছন্দ, ধ্রুপদ সত্য। প্রাজ্ঞজনেরা হয়তো শাস্ত্রমতে এই নাটকের কোনো খুঁত খুঁজে পেলেও পেতে পারেন। সাধারণ দর্শক হিসেবে আমাদের মনে হয়েছে সুরগাঁও এক নিখুঁত মঞ্চনাটক।