সুরজ-জিয়ার প্রেম নিয়ে মুখ খুললেন সালমান

সদ্যপ্রয়াত বলিউডের অভিনেত্রী জিয়া খানের মা রাবেয়া আমিনের দাবি, তাঁর মেয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য সুরজকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছিলেন সালমান খান। সুরজ, জিয়া ও সালমানকে ঘিরে প্রকাশিত বিভিন্ন খবর নিয়ে এত দিন চুপ থাকলেও সম্প্রতি সুরজ-জিয়ার প্রেম নিয়ে মুখ খুলেছেন ‘দাবাং’ তারকা সালমান। তিনি জিয়ার মায়ের দাবিকে অযৌক্তিক ও অদ্ভুত বলে উল্লেখ করেছেন।
এ প্রসঙ্গে একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাত্কারে সালমান বলেন, ‘সুরজ ও জিয়ার প্রেমের বিষয়টি আমি জানতামই না। একটি নিউজ ম্যাগাজিন পড়ার পর প্রথম বিষয়টি জানতে পারি আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
সুরজ, জিয়া ও সালমানকে ঘিরে প্রকাশিত বিভিন্ন খবর নিয়ে বেশ বিচলিত সালমান খান। তাঁর মতে, অযথাই সুরজ ও জিয়ার সঙ্গে তাঁর নাম জুড়ে দিয়ে খবর প্রকাশ করা হচ্ছে। এসব খবরের শক্ত কোনো ভিত্তি নেই। সুরজের ব্যক্তিজীবনে তাঁর কোনো হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘জিয়ার পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। কিন্তু জিয়ার মা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা অযৌক্তিক ও অদ্ভুত।’
সালমান আরও বলেন, ‘অন্য কারও ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামানোর মতো সময় আমার নেই। কাজ আর নিজের জীবন নিয়ে ভাবতে ভাবতেই আমার সময় ফুরিয়ে যায়।’
এদিকে সালমানের বোন অর্পিতা খান তাঁর ভাইয়ের পক্ষ নিয়ে এক টুইটার বার্তায় লিখেছেন, ‘কোনো কারণ ছাড়াই সুরজ ও জিয়ার সঙ্গে আমার ভাইয়ের নাম জড়ানো হচ্ছে। প্রকৃত ঘটনা না জেনে ধারণার বশবর্তী হয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমি নিশ্চিত, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিলে সত্যটা অবশ্যই বেরিয়ে আসবে। অনেক দিন থেকেই পাঞ্চোলি পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের জানাশোনা। আমি খুব ভালো করেই জানি, সস্তা প্রচারণার জন্য তাঁরা আমার ভাইয়ের নাম ব্যবহার করবেন না।’
জিয়া খান ৩ জুন রাতে নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার পর তাঁর প্রেমিক সুরজ পাঞ্চোলির পাশাপাশি সুরজের বাবা ও বলিউডের অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে দায়ী করেন জিয়ার মা। জিয়ার মা রাবেয়া আমিন দাবি করেছেন, সুরজের সঙ্গে জিয়ার প্রেমের বিষয়টি সহজভাবে নিতে না পারায় সুরজ-জিয়ার সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য নানা তত্পরতা শুরু করেছিলেন আদিত্য।
জিয়ার মা রাবেয়া আরও দাবি করেন, সালমানের সঙ্গে সুরজের সখ্যের কথা জানতেন আদিত্য। বিষয়টি মাথায় রেখে তিনি সালমানের সঙ্গে সুরজ-জিয়ার প্রেম ভেঙে দেওয়ার করণীয় নিয়ে আলাপ করেন। আদিত্যর অনুরোধেই জিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য সুরজকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছিলেন সালমান। কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি। তাঁকে সুরজ জানিয়ে দেয়, সে জিয়াকে সত্যিই ভালোবাসে।
প্রসঙ্গত, সালমান অভিনীত ‘এক থা টাইগার’ (২০১২) ছবির পরিচালক কবির খানের সহকারী হিসেবে কাজ করেছিলেন সুরজ পাঞ্চোলি। তখন সালমানের সঙ্গে দারুণ সখ্য গড়ে উঠেছিল সুরজের। তাঁকে বলিউডে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সালমান। এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে সুরজ বলেছিলেন, ‘সালমান স্যার আমাকে বলিউডে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। তাঁর হোম প্রোডাকশন থেকে বড় কলেবরের একটি ছবিতে আমি অভিনয় করব।’
এখন পর্যন্ত বিতর্কিত নানা কর্মকাণ্ডে জড়িয়ে বহুল আলোচিত তারকায় পরিণত হয়েছেন সালমান খান। অসংযত আচরণ ও জীবনযাপনের জন্য ‘ব্যাডবয়’ তকমা পেলেও সালমান বলিউডে নিরঙ্কুশ সাফল্যও পেয়েছেন। বলিউডে রাজত্ব করার নানা মন্ত্র তিনি শিখিয়েছেন সুরজকে। এমনকি আকর্ষণীয় শারীরিক অবয়ব পাওয়ার নানা পথও তাঁকে বাতলে দিয়েছেন সালমান। এ প্রসঙ্গে সুরজের ভাষ্য, ‘শরীর ঠিক রাখার জন্য সালমান স্যার আমাকে নানা পরামর্শ দিয়েছেন। সঠিক নিয়মে শরীরচর্চা করে আকর্ষণীয় শারীরিক অবয়ব কীভাবে পাওয়া যায়, সেটাও তিনি আমাকে জানিয়েছেন। তাঁর দেখানো পথে অনেক পরিশ্রম করে আমি নিজেকে প্রস্তুত করছি। প্রস্তুতি শেষ হলেই বলিউডের মাঠে আমার খেলা শুরু হবে।’
ক্যাপশন: সালমান খান, জিয়া খান ও সুরজ পাঞ্চোলি