সুরজ শর্মা আবার হলিউডে
‘লাইফ অব পাই’ ছবির সেই কোমলকান্তি তরুণের কথা নিশ্চয়ই সবার মনে আছে! নৌকায় বাঘের মুখোমুখি রোমাঞ্চকর মুহূর্ত কাটানো সেই সুরজ শর্মা তাঁর ‘পাই’ সাফল্যের পর এবার আরেকটি হলিউডি ছবিতে অভিনয় করছেন। ওয়াল্ট ডিজনি পিকচার্সের ব্যানারে নির্মিতব্য ‘মিলিয়ন ডলার আর্ম’ ছবিতে তাঁর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ‘হলিউড রিপোর্টার’। মাত্র গত বছর অস্কারজয়ী চলচ্চিত্রনির্মাতা অ্যাং লি পরিচালিত ‘লাইফ অব পাই’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের বর্ণিল জগতে অভিনেতা হিসেবে পা রেখেছিলেন দিল্লিবাসী সুরজ। এরই মধ্যে আবার হলিউডে ডাক পড়েছে তাঁর। ‘মিলিয়ন ডলার আর্ম’ ছবিতে একজন বেসবল খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করবেন ২০ বছর বয়সী সুরজ। ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘লারস অ্যান্ড দ্য রিয়াল গার্ল’খ্যাত অস্ট্রেলীয় নির্মাতা ক্রেইগ গিলেসপাই। বেসবল খেলার বিষয়বস্তু নিয়ে এই ছবির চিত্রনাট্য লিখেছেন টম ম্যাকার্থি। আগামী মে মাসে ভারত ও আটলান্টায় ছবির শুটিং শুরু হবে।