সুরজের দায়িত্ব নিলেন সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরজের ভবিষ্যৎ নিশ্চিত করার সব দায়িত্ব নিয়েছেন সালমান। বলিউডে সুরজ পাঞ্চোলিকে প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন, এখন থেকে তার সবকিছু সামলাবেন ‘দাবাং’ তারকা সালমান খানের ব্যবস্থাপক রেশমা শেঠি। সালমান প্রযোজিত ‘হিরো’ ছবির মাধ্যমে সুরজের বলিউডে অভিষেক হচ্ছে বলেও নিশ্চিত করেছেন রেশমা। বলিউডের অকালপ্রয়াত অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা থেকে জামিনে মুক্ত হওয়ার পর এখন বলিউডে অভিষেক নিয়ে উঠেপড়ে লেগেছেন সুরজ। সম্প্রতি তাঁর ব্যবস্থাপক হিসেবে রেশমাকে নিয়োগ দেওয়া হয়েছে। সালমানসহ ক্যাটরিনা কাইফ ও মাধুরী দীক্ষিতের মতো তারকাদের ক্যারিয়ারের খুঁটিনাটি নানা দিক সামলানোর দায়িত্বে রয়েছে রেশমার প্রতিষ্ঠান। এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। এ মুহূর্তে হায়দরাবাদে ‘মেন্টাল’ ছবির শুটিং করছেন সালমান। রেশমা জানান, ‘আর কদিন পরই হায়দরাবাদে “মেন্টাল” ছবির শুটিং শেষে আমরা মুম্বাই ফিরব। ১১ তারিখের দিকে মুম্বাই ফেরার পর “হিরো” ছবির ঘোষণা দেব আমরা। এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সুরজের পাশাপাশি বলিউডে অভিষেক হচ্ছে সুনীল শেঠির মেয়ে আতিয়ার।’এদিকে, সালমানের সঙ্গে দেখা করতে ৪ জুলাই হায়দরাবাদ গেছেন সুরজ ও তাঁর বাবা আদিত্য পাঞ্চোলি। আদিত্য জানান, ‘অবশেষে সুরজ বলিউডে পা রাখতে যাচ্ছে। এ জন্য আমি খুবই উচ্ছ্বসিত। এখন থেকে সুরজ সম্পর্কে কিছু জানতে চাইলে সবাইকে রেশমার সঙ্গে যোগাযোগ করতে হবে।’