সুরজের ভবিষ্যৎ সালমানের হাতে!

সুভাষ ঘাই পরিচালিত ব্যবসাসফল ছবি ‘হিরো’র রিমেকে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল সুরজ পাঞ্চোলির। ছবিটির যৌথ প্রযোজক সুভাষ ঘাই ও সালমান খান। সম্প্রতি এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সুভাষ জানিয়েছেন, ‘সুরজ ছবিতে অভিনয় করবেন কি না, তা এখন নির্ভর করছে সালমানের ওপর।’
১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘হিরো’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও মীনাক্ষী। ছবিটির রিমেকে সুরজের পাশাপাশি বলিউডের অভিনেতা সুনীল শেঠির মেয়ে আতিয়াকে প্রথমবারের মতো রুপালি পর্দায় হাজির করার পরিকল্পনা করেছিলেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা সুভাষ ঘাই। কিন্তু গত ৩ জুন জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনার দায়ে ভারতীয় পেনাল কোডের ৩০৬ ধারায় গ্রেপ্তার হওয়ার পর ওই ছবিতে সুরজের অভিনয় করা হবে কি না, তা অনিশ্চিত হয়ে পড়ে।
‘হিরো’র রিমেক থেকে সুরজকে বাদ দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ছবির যৌথ প্রযোজক সুভাষ ঘাই বলেন, ‘ছবিতে সুরজ থাকবে, নাকি বাদ পড়বে, তা চূড়ান্ত করার দায়িত্ব এখন সালমানের ওপর। এখনো পর্যন্ত ছবিতে সুরজ কিংবা আতিয়া শেঠি চুক্তিবদ্ধ হয়নি। ছবির আরও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’ জানিয়েছে জিনিউজ।
সুরজের বলিউডে অভিষেক প্রসঙ্গে জানতে চাইলে তেলে-বেগুনে জ্বলে ওঠেন তাঁর বাবা আদিত্য পাঞ্চোলি। উষ্মা প্রকাশ করে তিনি বলেন, ‘এ প্রশ্নের জবাব আমি কীভাবে দেব! এ বিষয়ে জানতে হলে সালমান ভাই কিংবা সুভাষ ঘাইয়ের সঙ্গে কথা বলুন। ঘাই সাহেব যদি এমন কিছু বলে থাকেন, তবে তা ছেপে দিন পত্রিকায়।’
এদিকে সালমানের কাছের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে হটকারী কোনো সিদ্ধান্ত নিতে চান না সালমান। তিনি সুরজের কারামুক্তির অপেক্ষায় আছেন। সুরজের বলিউড অভিষেকের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এখন সেই দায়িত্ব থেকে সরে আসবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আসলে বিষয়টি নিয়ে সালমান এখন কিছুই ভাবছেন না। তবে আদিত্য পাঞ্চোলির সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন।