সুরতীর্থের ব্যতিক্রমী গানের আসর
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে দুই দিনের এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পী মিতা হকের পরিচালিত সংগঠন সুরতীর্থ। কাল শুক্রবার ও আগামী শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে অনুষ্ঠান শুরু হবে।অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাতে গতকাল বুধবার সুরতীর্থের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় প্রথম দিনে উত্তর ভারতীয় এবং পাশ্চাত্য সুরের মূল গানগুলো, যার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ অনুপ্রাণিত হয়েছিলেন, তার সঙ্গে রবীন্দ্রনাথের ভাঙা গান ও একই শৈলীর মৌলিক গানের সম্ভার নিয়ে দুটি অংশ সাজানো হয়েছে।দ্বিতীয় দিন থাকবে প্রাদেশিক সুর আর লোকসুরের মূল গানে রবীন্দ্রনাথের ভাঙা সুরের গান ও মৌলিক গানের সম্ভার।মিতা হক বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র সৃষ্টিসম্ভারের মধ্যে তাঁর গান সারা বিশ্বের বাঙালির জীবনকে সমৃদ্ধ করে চলেছে। তাঁর বিচিত্র গানের ভেতর দিয়ে তাঁরই মৌলিকত্ব আমাদের চেতনাকে সমৃদ্ধ করেছে।’