সুরধ্বনির কিনারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামকানাই দাশের নামের পাশে ‘শিল্পী’ বিশেষণটি যোগ করলে বোধহয় কম বলা হবে। জনপ্রিয় লোকসংগীত ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’-এর সুরকার তিনি। ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রে ‘সুয়া উড়িল উড়িল জীবের জীবন’ নামে হুমায়ূন আহমেদ যে গানটি ব্যবহার করেছেন, সেটিও তাঁর সুর করা। একাধারে তিনি লোকসংগীতশিল্পী ও সংগ্রাহক। এ পর্যন্ত সংগ্রহ করেছেন প্রায় পৌনে ৩০০ গান। উচ্চাঙ্গসংগীতেও তাঁর সমান পারদর্শিতা। এসবই রামকানাই দাশ সম্পর্কে টুকিটাকি কিছু তথ্য। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক রামকানাই দাশ সম্পর্কে বলেছেন, ‘দেশের সবচেয়ে ভালো খেয়াল গায়ক কে? প্রশ্নটি ঠিক হবে না। তবু উত্তর করার আগে বেঠিক জেনেও আমার মন সঙ্গে সঙ্গেই উত্তর দেয়, রামকানাই। সিলেটের রামকানাই দাশ।’আমরা যখন ৭৯ বছর বয়সী এই শিল্পীর মুখোমুখি, তিনি আমাদের শোনাচ্ছেন গাজির গান, ‘তোমরা যাও রে মন বাইয়া, মিছা গৌরব করো রে মন পোড়ার ধন লইয়া।’গানের ছত্রে ছত্রে নিখুঁত সিলেটি টান। বললেন, ‘মা গান করতাছেন আর রানতাছেন—এ দৃশ্য দেখতে দেখতে বড় হয়েছি। আমার জন্ম হয়েছিল প্রাচীন লোকগানের ঐতিহ্যবাহী পরিমণ্ডলে, সুনামগঞ্জের সাল্লা গ্রামে। মা-বাবা দুজনই ছিলেন পেশাদার গায়ক। তাই গানে হাতেখড়ির প্রয়োজন হয়নি। বুদ্ধি হওয়ার আগ থেকেই আমি সুরের সঙ্গে বড় হয়েছি।’রামকানাই দাশ সিলেটে থাকেন। মাঝেমধ্যেই ঢাকায় আসেন। সেদিন সিলেট থেকে ঢাকায় এসে মোহাম্মদপুরে ছেলে পিনু সেন দাশের বাসায় বসে যখন আমাদের মুখোমুখি তিনি, জানা গেল তাঁর জীবনের বিচিত্র সব গল্প। খুব বেশি দূর পড়ালেখা এগোইনি। কৃষক-পরিবারে জন্ম নিয়েছেন বলে হাল বাওয়া, নিড়ানি দেওয়া—শৈশবে এসব কাজে ছিলেন ওস্তাদ। ১২ বছর বয়সে পেশাদার গায়ক হিসেবে প্রতিদিন কামাই করতেন চার আনা। এরপর গানের জন্য ঘর-পালানো—যাত্রাদলে নাম লেখানো। বিভিন্ন যাত্রদল ঘুরে সংগীতপরিচালক হিসেবে একসময় কাজ করেন বিখ্যাত যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাসের দলে। ‘একসময় আমি অধ্যবসায় আলাউদ্দিন নামে ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবনীমূলক একটি বই পেলাম। বইটি পড়ে আমার তো মাতোয়ারা অবস্থা—গানের জন্য কী না করেছেন বাবা আলাউদ্দিন! ভাবলাম, আমাকে উচ্চাঙ্গসংগীত শিখতে হবে। আবারও ঘর ছাড়লাম।’ বললেন তিনি।পদ্ধতিগতভাবে উচ্চাঙ্গসংগীত শিখেছেন নিজের জীবনের প্রায় মধ্যবয়সে পৌঁছে।‘১৯৭৫ সালের দিকে ব্রাক্ষণবাড়িয়ার উমেশচন্দ্র রায়ের কাছে প্রথম উচ্চাঙ্গসংগীত শিখতে শুরু করি। এরপর ঢাকায় যখন এক অনুষ্ঠানে উচ্চাঙ্গসংগীত গাইতে এলাম, আমাকে তো কেউ চেনে না। গাঁও-গ্রামের মানুষ বলে তেমনভাবে পাত্তাও দেয় না কেউ। মনে আছে, তখন সেই অনুষ্ঠানে আমার গান শুনে ওস্তাদ বারীণ মজুমদার আখতার সামদানী সাহেবকে বলেছিলেন, “লোকটার ফাউন্ডেশন ভালো।”’—নিজের জীবনের বিভিন্ন ঘটনা এলোমেলোভাবে বলে চলেছেন রামকানাই দাশ। কথার ফাঁকে মনের খেয়ালে খালি গলায় শোনা যাচ্ছে তাঁর গান। শূন্য থেকে শুরু করে সংগীতের প্রায় সব শাখাই স্পর্শ করেছেন। আপাদমস্তক গানের মানুষ বলেই হয়তো চাকরিবাকরি সেভাবে করা হয়নি জীবনে। নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে খাঁটি সিলেটি উচ্চারণে বললেন, ‘যারা চাকরি করে, তারা সব ভ্যাজালল্যা মানুষ।’২০০৪ সাল। বয়স তাঁর সত্তর। বেরোল তাঁর প্রথম অ্যালবাম বন্ধের বাঁশি বাজে। এরপর ২০০৫ সালে বেঙ্গল ফাউন্ডেশন থেকে বের হয় সুরধ্বনির কিনারায়। সম্প্রতি অ্যালবামটি অহির মিউজিকের মাধ্যমে কলকাতায় আবার বাজারজাত করা হয়েছে। এ ছাড়া গত মাসে কলকাতার কোয়েস্ট ওয়ার্ল্ড বের করেছে পাগলা মাঝি। অ্যালবামটি বাংলাদেশ থেকে প্রথম বের করেছিল লেজারভিশন। ২০১১ সালে অ্যালবামটি ‘সিটিসেল-চ্যানেল আই পুরস্কার’ লাভ করে। লোকগান ও উচ্চাঙ্গ সংগীত মিলিয়ে এ পর্যন্ত রামকানাই দাশের পাঁচটি অ্যালবাম বেরিয়েছে। গত বছর বাংলা একাডেমী থেকে পেয়েছেন সম্মানসূচক ফেলোশিপ। পেয়েছেন রবীন্দ্র পদক। সবকিছু মিলিয়ে গুণী এই শিল্পীর অনুভূতি যখন জানতে চাইলাম, প্রায় গানের সুরেই কথা বাঁধলেন, ‘আগের জীবন আর এখনকার জীবনকে মেলাতে পারি না। কখনো ওই জীবনকে স্বপ্ন মনে হয়, এই জীবন বাস্তব। আবার ওই জীবনটা বাস্তব হলে এই জীবন তো স্বপ্নই!’—সুরধ্বনির কিনারায় রামকানাই দাশের কথাগুলো কলকল স্বরে বাজছে।