সুরমাতীরে হাসন রাজা লোক উৎসব শুরু
সুরমা নদীর তীর ঘেঁষে বাধা হয়েছে মঞ্চ। সামনে মাঠজুড়ে নানা বয়সী মানুষ। মঞ্চ থেকে ভেসে আসছে হাসন রাজার গান ‘বাউলা কে বানাইল রে হাসন রাজারে বাউলা কে বানাইল রে...।’ সেই সুর ছড়িয়ে পড়ছে শহরময়। গতকাল বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়েছে তিন দিনের হাসন রাজা লোক উৎসব।
বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় উৎসবের আয়োজন করেছে হাসন রাজা পরিষদ। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারীন দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহসহ অনেকে।
উদ্বোধন শেষে ‘নেশা লাগিল রে’, ‘মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে’, ‘প্রেমের বান্ধন বান্ধরে দিলের জিঞ্জির দিয়া’, ‘রঙের বাড়ই’, ‘হাসন রাজায় কয়’ এসব গানে মাতিয়ে রাখেন সেলিম চৌধুরী, মরিয়ম বেগম সুরমা, লাভলী দেসহ স্থানীয় শিল্পীরা।