
রবীন্দ্রনাথ ঠাকুর তখন জীবিত। পাবনা থেকে তরুণ আবদুল আহাদ বৃত্তি নিয়ে যান শান্তিনিকেতনে। গান শেখেন শান্তিদেব ঘোষ ও শৈলজারঞ্জন মজুমদারের কাছে। পেয়েছেন গুরুদেবকেও। কবিগুরুর সাহচর্য বৃথা যায়নি। প্রথম বাঙালি মুসলমান ছেলে আবদুল আহাদ শান্তিনিকেতন থেকে ফিরেছেন সুরের বরপুত্র হয়ে।
গতকাল রোববার সন্ধ্যায় স্মরণ করা হয় বাংলা গানের এই অমর সুরস্রষ্টাকে। শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে ‘সুরস্রষ্টা আবদুল আহাদের গান’ অনুষ্ঠানে তাঁকে নিয়ে আলোচনা করা হয়। গাওয়া হয় তাঁর গান।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন গীতিকবি রফিকউজ্জামান। আবদুল আহাদের ঘনিষ্ঠজন হিসেবে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেন তিনি। গানের প্রতি তাঁদের সময়কার নিবেদনকে এখনকার সঙ্গে তুলনা করে রফিকউজ্জামান বলেন, ‘কবির কাছ থেকে তাঁর অনুভূতির পুরোটুকু জেনে নিয়ে সুরস্রষ্টারা সুর করতেন। তখনকার গানগুলো সে জন্যই চিরস্থায়ী হতো।’ পাশ্চাত্য সংগীতের তৃতীয় শ্রেণির অনুকারক না হয়ে রফিকউজ্জামান এখনকার তরুণদের আবদুল আহাদসহ নিবেদিতপ্রাণ শিল্পীদের গান শোনার আহ্বান জানান।
মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদের সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। স্বাগত বক্তব্য দেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক নিশাত জাহান। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গেয়ে শোনান ফাহিম হোসেন ও রোকাইয়া হাসিনা। আবদুল আহাদের গান গেয়ে শোনান ঝর্না রহমান, আরিফুর রহমান, নাসিমা শাহীন, নাশিদ কামাল। তাঁরা আহাদের ‘ভ্রমরের পাখনা যত দূরে যাক না’, ‘দুটি চোখে চোখ রেখে’, ‘তাই তোমার আনন্দ আমার পর’, ‘আমার দেশের মাটির গন্ধে’, ‘আমি সাগরের নীল নয়নে মেখেছি’, ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’, ‘হাতের কাঁকন ফেলেছি খুলে’ গানগুলো গেয়ে শোনান।
সভাপতির বক্তব্যে লিয়াকত আলী আশ্বাস দেন, শিল্পকলা একাডেমি প্রতিবছর নিয়মিত এই সুরস৶ষ্টাকে স্মরণের আয়োজন করবে। অনুষ্ঠানে স্মৃতি পরিষদের সদ্যপ্রয়াত সভাপতি সংগীতজ্ঞ করুণাময় গোস্বামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথি ও দর্শকেরা।