
‘আমার যখন সংগীতজীবন শুরু হয়, তখন তাঁর কাছ থেকে অনেক শিখেছি, পেয়েছি। তিনি খুব অভিমানী ছিলেন। তাঁকে দেখে মনে হয়েছে অভিমান না থাকলে প্রকৃত শিল্পী হওয়া যায় না। আমি বলব, তিনি প্রকৃত একজন শিল্পী ছিলেন।’
সদ্যপ্রয়াত সংগীতশিল্পী মনসুর আহমেদ স্মরণে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। গতকাল শুক্রবার সংগীত পরিচালক ও যন্ত্রসংগীতশিল্পী মনসুর আহমেদকে যৌথভাবে স্মরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও এলসিএস গিল্ড (গীতিকার, সুরকার, ও কণ্ঠশিল্পী সংস্থা)।
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান। সংগীতজ্ঞ আজাদ রহমানের সভাপতিত্বে আলোচক ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম, গীতিকার রফিকুজ্জামান, সুরকার শেখ সাদী খান, আলাউদ্দীন মিয়া, শিল্পী রেহানা আশিকুর রহমান ও শিল্পকলা একাডেমীর সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল সংগীতশিল্পী সুজিত মোস্তফা। মনসুর আহমেদের ছেলে শিল্পী মানাম আহমেদসহ আরও উপস্থিত ছিলেন গীতিকবি মিল্টন খন্দকার, সংগীতশিল্পী ফুয়াদ নাসের, রিপন খানসহ সংগীতাঙ্গনের অনেকে।
গীতিকার রফিকুজ্জামান বলেন, মনসুর আহমেদের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল। প্রথম জীবনে গায়ক ছিলেন। একেক সময় চলচ্চিত্রে এক ধরনের গানের ঢেউ আসে। এখন ভারতীয় সিনেমার গানের আদলে এখানে গান নির্মাণ করা হচ্ছে। এতে তিনি খুব ভেঙে পড়েন। দেশের নানা অবক্ষয় তাঁকে খুব কষ্ট দিয়েছে। অনেক চেষ্টা করেও তিনি এসব অসংগতিকে রুখতে না পারায় অভিমানে সবকিছু থেকে দূরে চলে যান।
আলোচনা শেষে শিল্পী মনসুর আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগীত পরিবেশন করেন নবীন শিল্পীরা।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে মনসুর আহমেদ লাহোরে প্রথম একমাত্র বাঙালি সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর সংগীত পরিচালনায় প্রথম চলচ্চিত্র হুসন কি শেহজাদি তৎকালীন পশ্চিম পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর সংগীত পরিচালনায় অনেকগুলো ছবির মধ্যে উল্লেখযোগ্য রাখাল বন্ধু, লাইলী-মজনু, ডাকু মনসুর, একমুঠো ভাত, বাহাদুর, বাহরাম বাদশা ইত্যাদি। তাঁর সুর করা অনেক গানের মধ্যে রয়েছে ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘তুমি যে ডাকাত, তুমি চোর’ এসব। গত ১২ জুন রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।