সুরিকে গ্ল্যামার জগৎ থেকে দূরে রাখতে চান কেটি!
আপাতত গ্ল্যামার জগতের হাতছানি থেকে একমাত্র মেয়ে সুরি ক্রুজকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কেটি হোমস। তিনি চান, পড়া-লেখা নিয়েই ব্যস্ত থাকুক ছয় বছর বয়সী সুরি। কেটির বাবা আইন পেশার সঙ্গে যুক্ত। তাঁর বাবার মতো সুরিও বড় হয়ে আইন পেশার সঙ্গে জড়াক—এমনটাই চান কেটি। তবে মডেলিং কিংবা গ্ল্যামার জগতের সঙ্গে জড়াতে চাইলেও মেয়েকে বাধা দেবেন না। ভবিষ্যতে সুরি যে পেশাই বেছে নিক না কেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তবে এই মুহূর্তে পড়া-লেখা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে সুরিকে ব্যস্ত হতে দেবেন না কেটি। জানিয়েছে ‘রাডার অনলাইন’। হলিউডের অভিনেতা টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর এখন সুরির দেখভালের দায়িত্ব পালন করছেন কেটি হোমস। কেটি নিজেও একজন তারকা। তারকা বাবা-মায়ের সন্তান হওয়ায় এর মধ্যেই তারকাখ্যাতির স্বাদ পেয়ে গেছে ছোট্ট সুরি। তাঁর ছবি তোলার জন্য প্রায় সময়ই ওত পেতে থাকেন পাপারাজ্জিরা। সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে এমন শিশুর মধ্যে অন্যতম সুরি। এই বয়সেই বিজ্ঞাপনচিত্রের মডেল হওয়ার প্রস্তাব পাচ্ছে সুরি। বিভিন্ন ফ্যাশন হাউসের মডেল হিসেবে ফটোশুট্যের প্রস্তাবও পেয়েছে সে। তবে মেয়ের জন্য আসা এসব প্রস্তাবকে আমলে নিচ্ছেন না কেটি। তিনি সুরিকে যতটা সম্ভব স্বাভাবিক শৈশব উপহার দেওয়ার জন্য বদ্ধ পরিকর। সুরি এখনই তারকাদের জীবনাচরণে অভ্যস্ত হয়ে পড়ুক—এমনটা হতে দিতে চান না কেটি। সুরিকে গ্ল্যামার জগতের চাকচিক্য থেকে দূরে রেখে মন দিয়ে পড়া-লেখা করানোর জন্য সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন ‘ফার্স্ট ডটার’খ্যাত ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী।