সুরিনগর আসছে

যুক্তরাজ্যে টেলিভিশনের জন্য একাধিক অনুষ্ঠান ও ডকুড্রামা নির্মাণ করেছেন মিনহাজ কিবরিয়া। বাংলাদেশের জন্য এই প্রথম একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। মিনহাজের এই ছবির নাম ‘সুরিনগর’। ঢাকা শহরের বিভিন্ন এলাকা ও লন্ডনে এ ছবির দৃশ্যধারণের কাজ করা হয়েছে। আগামী ৯ অক্টোবর ‘সুরিনগর’ ছবিটি ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ ছবিতে অভিনয় করেছেন বেশ কয়েকজন তরুণ অভিনয়শিল্পী।
সুরিনগর পাক্ষিক আনন্দ আলো প্রযোজিত প্রথম সিনেমা। পরিচালক মিনহাজ কিবরিয়া এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘ছবিটি নিয়ে আমি খুবই উদ্বেলিত। পরিচালক এবং অভিনেতা হিসেবে নয়, একজন দর্শক হিসেবেই বলব ‘সুরিনগর’ অসাধারণ একটি সিনেমা হয়েছে। দর্শকেরা খুবই পছন্দ করবেন। বিশেষ করে তরুণদের পছন্দের ছবি হয়ে উঠবে ‘সুরিনগর’।
‘সুরিনগর’ ছবি প্রসঙ্গে মিনহাজ আরও বলেন, ‘এ ছবির কাহিনিতে টান টান উত্তেজনা আছে। সেই সঙ্গে আছে কারিগরি উৎকর্ষও। ঢাকা ও লন্ডনের শুটিং করার কারণে আন্তর্জাতিক একটা আবহ পাওয়া যাবে এ ছবিতে। যদিও অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকেই নতুন, কিন্তু তাঁরা অসাধারণ অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্রে ‘সুরিনগর’ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।’
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে রেজানুর রহমান জানিয়েছেন, প্রাতিষ্ঠানিকভাবে পাক্ষিক আনন্দ আলো ছবি প্রযোজনায় এসেছে। ‘সুরিনগর’ তাঁরই প্রথম পদক্ষেপ। এ ছবিটি দেখার জন্য সবাইকে প্রেক্ষাগৃহে যেতে অনুরোধ করছি। প্রশ্ন উঠতে পারে কী আছে ‘সুরিনগরে’? কেন দর্শক হলে যাবেন এ ছবি দেখতে? বিনয়ের সঙ্গে সবাইকে বলতে চাই, ‘সুরিনগর’ অনেক ভালো একটি ছবি হয়েছে। এটি আপনাদের ভালো লাগবেই।
‘সুরিনগর’ ছবিতে আরও যাঁরা অভিনয় করেছেন তাঁরা হলেন নায়লা, নীপা, মিজানুর রহমান, কাজল দাস, পুলক হায়দার, ফয়সাল খান, মারজান নিসা এবং নাজাত প্রমুখ।