সুরির দেখভাল আপাতত কেটির দায়িত্বে
পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানার সিদ্ধান্ত নেওয়ার দুই সপ্তাহ না পেরোতেই ৯ জুন সোমবার বিয়ে বিচ্ছেদের কাগজে সই করেছেন টম ক্রুজ ও কেটি হোমস। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত তাঁদের একমাত্র মেয়ে সুরি ক্রুজ মায়ের সঙ্গেই থাকবে নিউইয়র্ক শহরে। ছয় বছর বয়সী সুরির দেখভালের সব দায়িত্ব পালন করবেন কেটি হোমস।অবশ্য মাঝেমধ্যে বাবা টম ক্রুজের সঙ্গে দেখা করতে যেতে পারবে সুরি। তবে তখন সুরির সঙ্গে থাকবে কেটির নিয়োগ করা একদল দেহরক্ষী। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাডার অনলাইন জানিয়েছে, ‘টম ক্রুজের সঙ্গে দেখা করতে গেলে সার্বক্ষণিক সুরির পাশে থাকবে তার পরিচারিকা ও দেহরক্ষীরা। ক্রুজ যাতে কোনোভাবেই সুরিকে সায়েন্টোলোজি প্রথায় দীক্ষা দিতে না পারেন, সে জন্যই এ ব্যবস্থা।’সূত্রটি আরও জানিয়েছে, ‘সুরিকে সহজ-স্বাভাবিকভাবে বেড়ে তোলাই কেটির একমাত্র লক্ষ্য। ক্রুজের কারণে যাতে সায়েন্টোলোজির ছায়া সুরির ওপর না পড়ে, সেটা নিশ্চিত করতে কেটি বদ্ধপরিকর। বিয়ে বিচ্ছেদের চুক্তিতেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। চুক্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, সায়েন্টোলোজি কিংবা এর সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় সুরির সামনে উত্থাপন করতে পারবেন না ক্রুজ।’