সুরির নামে ফ্যাশন ব্র্যান্ড!

সবেমাত্র সাত বছর বয়সে পা দিয়েছে হলিউডের তারকা দম্পতি টম ক্রুজ-কেটি হোমসের মেয়ে সুরি ক্রুজ। তারকা বাবা-মায়ের কল্যাণে অল্প বয়সেই তারকাখ্যাতির স্বাদ পেয়েছে সে। এবারে নিজের নামে পেতে যাচ্ছে ফ্যাশন লাইনও। বিনিময়ে তার পারিশ্রমিকের অঙ্কটা নেহাতই কম নয়। সম্প্রতি পনেরো লাখ পাউন্ডের একটি চুক্তিতে সই করেছে সুরি ক্রুজ।
ফ্যাশনসচেতন তারকা সন্তানদের নামের তালিকায় এখন পর্যন্ত বেশ কয়েকবার শীর্ষস্থান দখল করেছে স্কুলপড়ুয়া সুরি। এবারে তার বয়সী শিশুরা কিনবে ‘সুরি’ ব্র্যান্ডের নানা ধরনের ফ্যাশন সামগ্রী। এ বছর থেকেই নিউইয়র্কের একটি বিপণিবিতানে পাওয়া যাবে সুরির ব্র্যান্ডের পোশাক, জুতাসহ আরও নানা সামগ্রী। সাফল্য পেলে আগামী বছর উত্তর আমেরিকার বিভিন্ন বিপণিবিতানেও সেগুলো পাওয়া যাবে।
গত বছর থেকেই সুরির নামে ফ্যাশন লাইন খোলার চেষ্টা করছিল বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এজন্য সুরির মা কেটি হোমসের কাছে নিয়মিত ধরনা দিয়ে আসছিল প্রতিষ্ঠানগুলো।