মঞ্চের পেছনে কাঠ-বাদামগাছ। গাছের নিচে সাজানো চেয়ার। শুরুতেই সেগুলোতে আসন গাড়লেন ব্যান্ড মৃত্তিকার সদস্যরা। তাঁদের তুমুল আড্ডার শুরু ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’-এর গোড়া থেকেই। কতশত যে গল্প তাঁদের! কেবল গান নয়, আড্ডায় চলল বৃষ্টি, তারুণ্য আর দেশের কথা। দেশের কথা, দশের কথা শুনতে শুনতে কানে এল, ‘মাথাটা একটু ডানে নিলে ভালো হয়।’ আব্দুন নূর তুষার আলোকচিত্রির কথায় মাথাটা একটু ডানে কাত করলেন। পাশেই মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, মুখে স্মিত হাসি। গাড়ি থেকে নেমেই এসব দেখে প্রায় ছুটেই এলেন শারমিন লাকি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দাঁড়িয়ে পড়লেন ক্যামেরার সামনে—তুষার-মোহিতের পাশে। ছবি তোলা শেষ, অনুষ্ঠান শুরু হবে। দুই সঞ্চালক লাকি ও তুষারের মধ্যে তাড়া। গ্রিনরুমে বসে গভীর মনোযোগ দিয়ে অনুষ্ঠানের স্ক্রিপ্ট পড়তে লাগলেন দুজনই। ২২ জুন বিকেলের কথা এসব। কনসার্টের আসরটি বসেছিল ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে।পর পর পাঁচটা গান গেয়ে এসেও ক্লান্ত নন কিশোর। নিজেকে কেন্দ্র বানিয়ে আড্ডা জমালেন আরেকটা। আড্ডার বিষয় ‘মেদভুঁড়ি, কী যে করি’-জাতীয়। কারণ, খানিক বাদেই দেখা গেল একেকজন দাঁড়িয়ে পরীক্ষা করে দেখছেন, ভুঁড়ির আকার নিয়ন্ত্রণে আছে কি না! সেটা নিয়ন্ত্রণে থাক বা না থাক, নিয়ন্ত্রণে থাকল না হাসি। হাসি শুনেই কিনা বেরসিক কাক ‘ইয়ে’ সারল গাছের ডালে বসে। ভাগ্যিস, ‘মিসড ফায়ার’!আষাঢ়ে মেঘের আনাগোনা থাকলেও গরম ছিল ভ্যাপসা। তাই বাইরে না বেরিয়ে গাড়ির ভেতরেই পড়শী ‘বসত করলেন’ কিছুক্ষণ। মোশাররফ করিম অবশ্য দেরি করলেন না এক মুহূর্ত। গাড়ি থেকে নেমেই সবার সঙ্গে কুশল বিনিময়। তারপর হাঁটা দিলেন ফ্যান্টাসি কিংডমের ভেতরের দিকে। মঞ্চের পাশ দিয়েই ছিল রাস্তাটা। দর্শক যখন আবিষ্কার করল মোশাররফ স্বয়ং হেঁটে যাচ্ছেন, তখন সবাই একসঙ্গে ঘাড় ঘোরাল রোবটের মতো! স্কুলের ড্রিল ক্লাসেও এমন শৃঙ্খলিত ঘাড় ঘোরানো দেখা যায় না বোধ হয়।এলআরবির আগমন। নিরাপত্তারক্ষী থেকে শুরু করে কিশোরদের আড্ডা—সর্বত্র উত্তেজনা। ছবি তোলার ধুম। আইয়ুব বাচ্চুও হাসিমুখে মেটালেন সবার আবদার। বয়সে ছোটদের গানের ব্যাপারে যে ভালোই ওয়াকিবহাল, সেটা বোঝা গেল তাঁর কথাতেই। ছোটরাও আইয়ুব বাচ্চুর কথা শুনল মনোযোগ দিয়ে।মনোযোগ দিয়ে ঘুমের কথা ভাবছিলেন আব্দুন নূর তুষারও! তাঁর নাকি ঘুম পাচ্ছিল! সময় হয়েছে তখন মঞ্চে ওঠার। শারমিন লাকি প্রায় ঠেলে ঠেলে মঞ্চে ওঠালেন সহসঞ্চালককে। দর্শকের সামনে যেতেই ঘুমটুম সব উধাও।‘সবাই তো না খেয়ে এসেছেন?’ মোশাররফ করিমের রসিকতা বুঝতে সময় লাগে না দর্শকের। হাততালির বৃষ্টি পড়ল কিছুক্ষণ। একটা গল্প শোনালেন মোশাররফ। অশীতিপর এক মাদকসেবী কী করে টেক্কা দিয়েছিলেন ৫০ বছর বয়সী একজনের সঙ্গে। ‘তবে এমনই টেক্কা দিল সেই বুড়ো, উড়াল দিল জানালা দিয়ে! আর ফিরল না। এমন অশুভ উড়াল আমরা চাই না। আমরা চাই মাদককে “না” বলতে।’ মোশাররফের কথায় আবার সাড়া দিল দর্শক, হাত উঁচিয়ে উচ্চারণ করল, ‘মাদককে “না” বলি।’ দর্শক ‘না’ বলতে পারল না মোশাররফের পরের কথায়, ‘আমার একটা ক্ষমতা তৈরি হয়েছে বেসুরো গান গাওয়ার। আপনাদের উপভোগ করতেই হবে।’ শুরু হলো গান: ‘হাওয়ার গাড়ি চইলা গেল’। মঞ্চের পেছনে ততক্ষণে এসে গেছেন ন্যান্সি। সব সময়ের মতো মুখে হাসি লেগেই আছে তাঁর।দর্শককে মাতিয়ে এসেছে লালন ব্যান্ড। মঞ্চের পেছনে এসেও আড্ডায় মাতাল তারা। সঞ্চালক তুষারের মতে, মৌসুমি হাওয়া নিয়ে মৌসুমী আর হঠাৎ বৃষ্টির সম্ভাবনা নিয়ে এসেছিলেন ফেরদৌস। মঞ্চে ওঠার পর কাঁটায় কাঁটায় মিলে গেল সবকিছু। হঠাৎ বৃষ্টি! দর্শকের মাথায় ছাতার বদলে প্লাস্টিকের চেয়ার! এদিকে গ্রিনরুমে তখন সবাই জড়ো। চলে এল চা-গরম! আইয়ুব বাচ্চু, ফেরদৌস, মৌসুমী আর আব্দুন নূর তুষার জমিয়ে তুললেন সান্ধ্য-আড্ডা। একসময় বিদায় নিলেন ফেরদৌস ও মৌসুমী। বৃষ্টি মাথায় নিয়ে এলেন নিরব ও সারিকা। ততক্ষণে গান গাইতে মঞ্চে উঠে গেছে এলআরবি। গান শেষে দর্শককে আহ্বান জানালেন, ‘আসুন, মাদককে “না” বলি।’ দর্শকও দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করল, ‘মাদককে “না” বলি।’