সুরে-ছন্দে বসন্ত-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতিতে নতুন বাতাস। আম্রকাননে দেখা দিয়েছে মঞ্জরি। বসন্তের শুরুতে কচিপাতায় শাখাগুলো ভরে উঠেছে। আর সেই বসন্তকে বরণ করতে ছায়ানটে উদ্যাপিত হলো বসন্ত উৎসব ১৪২০। গতকাল শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে গান, আবৃত্তি, নৃত্যে ঋতুরাজকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠান শুরু হয় শুদ্ধ সংগীত দিয়ে। শিল্পী অসিত দে পরিবেশন করেন রাগবসন্ত। এরপর বসন্ত নিয়ে মজার রচনা পাঠ করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মীর বরকত।

‘আমার বনে বনে ধরল মুকুল’ সম্মেলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। এরপরে ছিল সম্মেলক গান ‘বসন্ত এলো এলো রে’ ও ‘দোলা লাগিল দখিনের বনে বনে’।

রবীন্দ্রসংগীত ‘একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি’ পরিবেশন করেন এ টি এম জাহাঙ্গীর। সুমন মজুমদার ও সাজিয়া হোসেন গেয়ে শোনান ‘এলো ঐ বনান্তে পাগল বসন্ত’, ‘আজি নন্দদুলালের সাথে’।

‘ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে’ গানের সঙ্গে ছিল তানিয়া মান্নানের একক নৃত্য। পরে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ ও ‘বসন্ত ফুল গাঁথল’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে তবলায় ছিলেন এনামুল হক, বাদল চৌধুরী ও স্বরূপ হোসেন। এসরাজ বাজিয়েছেন অসিত দে, কি-বোর্ডে ইফতেখার হোসেন এবং মন্দিরায় প্রদীপ কুমার রায়।