সুরে মন্দ্রিত সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুরানো সেই দিনের কথা’ গানটির দুই লাইন শুনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ড. মৃদুল কান্তি চক্রবর্তী বলেন, ‘রবীন্দ্রনাথ এ গানের সুর নিয়েছেন একটি স্কটিশ লোকসংগীত থেকে। গানটি তিনি শুনেছিলেন এক স্কটিশ রাখাল বালকের কণ্ঠে।’ দ্বাবিংশ রবীন্দ্রসংগীত উৎসবের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার বিকেলে এভাবেই বেশকিছু সংগীত পরিবেশনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের গানের বিভিন্ন তথ্য ও তত্ত্ব উপস্থাপন করেন তিনি। কবির সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।গানের সুরে মন্দ্রিত ছিল সন্ধ্যা। শিল্পীরা কবির নানা পর্বের গান শুনিয়েছেন। এসবের মধ্যে ছিল ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘আকাশভরা সূর্য-তারা’, ‘সেই ভালো সেই ভালো’, ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, ‘আমি কান পেতে রই’, ‘অনেক দিনের আমার যে গান’, ‘মধুর ধ্বনি বাজে’সহ বিভিন্ন গান।পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, পাপিয়া বড়ুয়া, তপন সরকার, টিপু চৌধুরী, নাজনীন সুলতানা, পল উৎপল সাহা, মৃদুল চক্রবর্তী প্রমুখ। পাঁচ দিনব্যাপী উৎসবের তৃতীয় দিন আজ শুক্রবারের কার্যক্রম শুরু হবে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সকাল সাড়ে নয়টায়।