সুরের আগুন ছড়িয়ে দিলে মোর প্রাণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহিদুল হকের ছবির নিচে প্রদীপ, ছড়িয়ে রাখা শ্রদ্ধার ফুল। ছায়ানটের অন্যতম এই প্রতিষ্ঠাতার স্মরণে তাঁর প্রাণের প্রতিষ্ঠানে করা হয়েছিল গানের আয়োজন। সেখানে সম্মিলিত হয়েছিলেন তাঁর স্নেহধন্য শিল্পী ও তাঁর আদর্শের সাংস্কৃতিক সেনানীরা। তাঁরা সম্মিলিত কণ্ঠে গেয়েছেন রবীন্দ্রনাথের গান ‘তুমি যে সুরের আগুন ছড়িয়ে দিলে মোর প্রাণে’।
গতকাল বুধবার ছিল সংগীতগুরু ওয়াহিদুল হকের নবম মৃত্যুবার্ষিকী। তাঁকে স্মরণ করে সন্ধ্যায় ছায়ানট ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্মারক বক্তৃতা করেন অধ্যাপক নুরুল আনোয়ার। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ ওয়াহিদুল হকের স্মরণে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী। তিনি বলেন, ‘শিল্প, সংগীত ও সংস্কৃতি বিষয়ে গভীর জ্ঞানলব্ধ মানুষ ছিলেন ওয়াহিদুল হক। তিনি এর চর্চা আপন ভুবনে না রেখে বিস্তৃত করার মানসে দেশব্যাপী গড়ে তুলেছিলেন এক আন্দোলন। বলা যায় তিনি ছিলেন সংগীতের ফেরিওয়ালা।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। একক সংগীত পরিবেশন করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান। সম্মিলিত কণ্ঠে ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ ও ‘কবে আমি বাহির হলেম’ গান দুটি গেয়ে শোনান সরোজ সংস্কৃতি বৃত্তের শিল্পীরা। এ ছাড়া গল্প, শ্রুতিনাটক ও পাঠ এবং নৃত্য পরিবেশন করে নালন্দা, ব্রতচারী, কণ্ঠশীলন এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় ওয়াহিদুল হক স্মরণানুষ্ঠান। এই দিন সকালে ছায়ানট ভবনের নিচতলায় ওয়াহিদুল হকের স্মরণে সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পীরা।