সুরের ধারা কলেজ অব মিউজিকের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিআরইউ মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলনে ‘সুরের ধারা কলেজ অব মিউজিক’-এর যাত্রা শুরুর ঘোষণা দেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা৷ তাঁর পাশে এ জেড এম আবদুল আলম (বাঁয়ে) ও অধ্যাপক শফি আহমেদ । ছবি: প্রথম আলো
ডিআরইউ মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলনে ‘সুরের ধারা কলেজ অব মিউজিক’-এর যাত্রা শুরুর ঘোষণা দেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা৷ তাঁর পাশে এ জেড এম আবদুল আলম (বাঁয়ে) ও অধ্যাপক শফি আহমেদ । ছবি: প্রথম আলো

চলতি বছরের জুলাই মাস থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সুরের ধারা কলেজ অব মিউজিকের৷ প্রাথমিকভাবে সংগীত বিষয়ে এক বছরব্যাপী ডিপ্লোমা কোর্স দিয়ে এ কলেজের কার্যক্রম শুরু হবে।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে সুরের ধারা কলেজ অব মিউজিক পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুরের ধারার সভাপতি ও সুরের ধারা কলেজ অব মিউজিক পরিচালনা পর্ষদ সদস্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা৷ এ সময় কলেজের অধ্যক্ষ শফি আহমেদ, সুরের ধারা কলেজ অব মিউজিকের পরিচালনা পর্ষদ সদস্য এ জেড এম আবদুল আলম, আজিজুর রহমান, শিল্পী ছায়া কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই এ কোর্সে ভর্তির আবেদন চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে সন্ধ্যাকালীন এ কোর্স চালু করছে সুরের ধারা কলেজ অব মিউজিক। যেকোনো বিষয়ে স্নাতক কিংবা পাস কোর্স উত্তীর্ণ যেকোনো বয়সের শিক্ষার্থী এ কোর্সে ভর্তি হতে পারবেন। ক্লাস হবে সন্ধ্যায়। আপাতত লালমাটিয়া হাউজিং সোসাইটি মহিলা কলেজে ক্লাস পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সুরের ধারা কলেজ অব মিউজিক পরিচালনা পর্ষদে আছেন অধ্যাপক আনিসুজ্জামান ছাড়াও দেশের বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্ব। নিয়মিত শিক্ষক হিসেবে বিশ্বভারতী (শান্তিনিকেতন), রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকেরা শিক্ষাদান করবেন। এ ছাড়া খণ্ডকালীন শিক্ষক হিসেবে দেশের নামী শিল্পী ও শিক্ষকেরা শেখাবেন। শিক্ষাবিনিময় কার্যক্রম সূত্রে সুরের ধারা কলেজ অব মিউজিক যুক্ত থাকবে বিশ্ব ভারতীয় (শান্তিনিকেতন) ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফি আহমেদ জানান, শিক্ষার্থীদের জন্য একটি রেকর্ডিং স্টুডিও ও তিন হাজার বইসংবলিত অত্যাধুনিক লাইব্রেরিরও ব্যবস্থা আছে। শিক্ষা কার্যক্রমের কোর্সওয়ার্ক ছাড়া সুনির্দিষ্ট বিরতিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ব্যক্তির বৃক্ততা, প্রাসঙ্গিক আলোচনা, সভা, কর্মশালা ও বিষয়ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি বলেন, ‘আমরা শিখন, শিক্ষণ এবং প্রায়োগিক অভিজ্ঞতার মাধ্যমে এবং গুণীজনের উপদেশে ও পরামর্শক্রমে কর্মপদ্ধতি পরিমার্জনা, সংযোজন ও নতুন পরিকল্পনা গ্রহণ করব।’