সুরের ধারার শিশু বিভাগের সনদ বিতরণ অনুষ্ঠান
সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার শিশু বিভাগের প্রথম সনদ বিতরণ অনুষ্ঠান হবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে। এখানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন অর রশিদ, শিল্পী হাশেম খান এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। এ অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, শিশু বিভাগে যতটা আগ্রহ নিয়ে ছেলেমেয়েরা ভর্তি হয়, পরে পড়াশোনার চাপে সেই চর্চায় কিছুটা ব্যাঘাত ঘটে। অনেকেই মাঝপথে সংগীতচর্চা থামিয়ে দেয়, পরে আবার তা শুরু করে অথবা গানটা আর করাই হয় না। কিন্তু এই ছেলেমেয়েরা যে শিশু বিভাগে গান শিখেছিল, সফলভাবে পুরো কোর্স শেষ করেছিল, তার আর কোনো প্রমাণ থাকে না। সে কারণেই যারা শিশু বিভাগের কোর্স সফলভাবে শেষ করেছে, তাদের আজ সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ অনুষ্ঠানে শিশুশিল্পীরা সংগীত পরিবেশন করবে।