সুরের ধারার ‘কাল মৃগয়া’ ও ‘জুতা আবিষ্কার’
সুরের ধারার চৈত্রসংক্রান্তি উৎসবের এবারের ভাবনা ‘রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ’। ১৩ এপ্রিল সন্ধ্যা ছয়টায় লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শুরু হবে ছয় ঘণ্টার এ অনুষ্ঠান। সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে এবার পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। সুরের ধারার শিশু বিভাগের পরিবেশনায় এ অনুষ্ঠানে মঞ্চস্থ হবে গীতিনাট্য কাল মৃগয়া আর সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনায় নাটক জুতা আবিষ্কার। থাকছে সুরের ধারার নিয়মিত ছাত্রছাত্রীদের পরিবেশনা। তাঁরা শোনাবেন রবীন্দ্রনাথের ভাঙ্গাগান। সঙ্গে থাকবে মূল গানও। আরও থাকবে দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের রবীন্দ্রসংগীত পরিবেশনা।’ বন্যা জানান, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কলকাতার একজন বরেণ্য শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে।এখন চলছে সুরের ধারার চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানটির চূড়ান্ত মহড়া। কাল মৃগয়া গীতিনাট্য পরিচালনা করছেন আজিজুর রহমান তুহিন। বন্যা আরও জানান, অন্যান্য বছর এই অনুষ্ঠানের মঞ্চ তৈরি হতো বটতলায়। এবার তা সরিয়ে নেওয়া হচ্ছে মাঠের পূর্ব দিকে। বড় আকারের মঞ্চ তৈরির জন্যই এ পরিকল্পনা করা হয়েছে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।