সুরের বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ২০০৯। চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লেন। জেদ চাপল, জয় করতেই হবে। শুরু হলো নিরন্তর সাধনা। দিনরাত গানের তালিম নিতে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবেই কাটল দুই বছর। পোক্ত হয়ে আবার প্রতিযোগিতায়। অবশেষে স্বপ্নের সিঁড়ি ডিঙালেন। পরলেন সেরার মুকুট। গল্পটা কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠের এবারের বিজয়ী চট্টগ্রামের মেয়ে বৃষ্টি মুৎসুদ্দির।সম্প্রতি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে। উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক চোখেমুখে। শুরুতেই এল পুরস্কার ঘোষণার মুহূর্তটির কথা। বললেন, ‘তৃতীয় ও দ্বিতীয় রানারআপের নাম ঘোষণা হয়ে গেল, তাতে আমি নেই। ভেবেছিলাম অন্তত দ্বিতীয় হব। মা-বাবার চেহারাটাও দেখলাম ফ্যাকাশে। এত দূর এসে ফিরে যেতে হবে? তখন মঞ্চে দাঁড়িয়ে থাকাটাও কঠিন হয়ে পড়েছিল। মনে হচ্ছে এখন পড়ে যাব। নিজেকে কোনোভাবে সামলাতে পারছিলাম না। অবশেষে সাবিনা ইয়াসমীন ম্যাডামের মুখে “আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে।” তখনো আমি বুঝতে পারিনি, ঘোরের মধ্যে ছিলাম। যখন নাম ঘোষণা হলো, আমার আনন্দ আর দেখে কে! মনে হচ্ছে এভারেস্ট জয় করেছি।’এ প্রতিযোগিতা বৃষ্টিকে শুধু সাফল্যই এনে দেয়নি, ভাঙিয়েছে বিরাট এক ভুলও। বিষয়টি খোলাসা হোক তাঁর মুখেই। ‘বিচারকেরা আমার পরিবেশনায় মুগ্ধ ছিলেন। ভয় ছিল মুঠোফোনের খুদেবার্তা নিয়ে। আমাকে সারা দেশের মানুষ কীভাবে নেবেন তা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু আমার সেই ভুল ভেঙে গেছে। তাঁরা আমার যোগ্যতাকে বড় করে দেখেছেন। এ জন্য আমি কৃতজ্ঞ।’ বললেন বৃষ্টি। তবে এত দূর আসার পেছনে তাঁকে বেশি অনুপ্রেরণা দিয়েছেন বড় বোন নির্বাচিত বড়ুয়া। তিনি নিজেও সেরাকণ্ঠের ২০০৮ সালের সেরা দশে ছিলেন। ফলে বৃষ্টির ভুলগুলো শুধরে দিয়ে সাহস জুগিয়েছেন এগিয়ে যাওয়ার।কথা বলার ফাঁকে খুদেবার্তা আসছিল। পড়ে দেখছেন, মুচকি হাসছেন। কখনো কখনো ফিরতি বার্তা পাঠাচ্ছেন। কৌতূহল থেকে জিগ্যেস করলাম, ব্যাপারটা কী? জানালেন, অভিনন্দনের জোয়ার এখনো থামেনি। প্রতিদিন ভক্তদের খুদেবার্তার অভিনন্দনে সিক্ত হচ্ছেন। বৃষ্টির পুরস্কার জয়ের শুরুটা সেই ছোটবেলায়। বয়স তখন ছয়। দাঁড়িয়ে হারমোনিয়ামই ধরতে পারেনি। টেবিলে বসে গান গাইতে হয়েছে। তবে সুর-তাল ঠিক ছিল। জিতেছে জাতীয় পর্যায়ের শিশু পুরস্কার প্রতিযোগিতায় গোল্ড মেডেল। এরপর স্বর্ণপদক জিতেছে নতুনকুঁড়ি, পদ্মকুঁড়ি, জাতীয় শিক্ষা সপ্তাহ, কমলকুঁড়ির মতো জাতীয় প্রতিযোগিতায়ও। এখন পর্যন্ত তাঁর ঝুলিতে স্বর্ণপদকের সংখ্যা ৩৪টি।শুধু কি গান? পড়ালেখায়ও বৃষ্টির ফলাফল একেবারে প্রথম সারির। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। এখন পড়ছেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আইইউবি) চট্টগ্রাম ক্যাম্পাসে বিবিএ শেষ বর্ষে। ক্যাম্পাসেও তাঁকে নিয়ে মাতামাতির শেষ নেই। বললেন, ‘সেরাকণ্ঠের খেতাব জয়ের পর যেদিন ক্যাম্পাসে গেলাম, সেদিনটি ভোলার নয়। ক্যাম্পাসে আমার ছবিসংবলিত বড় বড় ফেস্টুন। বন্ধুবান্ধব ছাড়াও অন্য বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা পর্যন্ত ফুল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ফুলের বৃষ্টিতে বরণ করলেন আমাকে। তাঁদের ভালোবাসায় অভিভূত হয়ে গেলাম।’একটা স্বপ্ন পূরণ হলো। এবার ভবিষ্যৎ কোন পথে? বললেন, ‘এখন নিজের অ্যালবাম করব। ইচ্ছা আছে এ বছরের মধ্যে। এ জন্য প্রস্তুতি নিচ্ছি। আগ্রহ আছে চলচ্চিত্রে প্লেব্যাক করার। তবে আমার ঝোঁকটা ক্ল্যাসিকালে।’গানের মানুষ বৃষ্টির অবসর কাটে বই পড়ে ও গান শুনে। তাঁর প্রিয় শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও শাহনাজ রহমতুল্লাহ। সাফল্যের বৃহস্পতিতে তুঙ্গে থাকা বৃষ্টি গানের ফেরিওয়ালা হয়ে থাকতে চান জীবনের শেষ দিন পর্যন্ত।