আকাশে তুলো মেঘের ওড়াউড়ি, মেঘের কোলে হাসছে রোদ। এদিকে পানির রাজ্যে (ওয়াটার ওয়ার্ল্ড) ঢেউ তুলছে দখিনা হাওয়া। ঢেউয়ের তালে তালে নাচছে দস্যি ছেলেমেয়ের দল।পাহাড়ের কোলে বিশাল মঞ্চে তখনই উদয় হলেন আইয়ুব বাচ্চু। রকস্টারের আগমনে আচমকা বন্ধ হয়ে গেল জলকেলি, সুরের ঢেউয়ে ভাসতে প্রস্তুত হাজার দর্শক।না, সুরের ঢেউয়ে নয়, কথার ডালিতে সবাইকে চমকে দিলেন বাচ্চু। দর্শকদের উদ্দেশে বললেন, ‘অনারা বেগ্গুন গম আছননি?’গলা ফাটিয়ে সবাই, ‘হ্যাঁ’ বলল তাঁকে।বাচ্চু বললেন, ‘আমরা কিন্তু এখানে এসেছি “না” বলতে।’‘না’ বলব কাকে? দর্শকদের উদ্দেশে ফের প্রশ্ন তাঁর।‘মাদককে না’ সমস্বরে বলল সবাই।আইয়ুব বাচ্চু এবার দর্শকদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন। মঞ্চে ডাকলেন আসিফকে। দুজন কাঁধে কাঁধ মিলিয়ে বললেন, ‘আমরা দুই ভাই কিন্তু ব্রাজিল।’ এ কথায় ব্রাজিলের সমর্থকেরা উল্লাস করতে লাগলেন, মৃদু রাগ আর্জেন্টিনার সমর্থকদের। বাচ্চু কথার তীর ছুড়লেন আবার, ‘হালিয়া আঁরা হাইন্দি, আজিয়া অনারা হাঁদিবান।’ (গতকাল আমরা কেঁদেছি, আজ আপনারা কাঁদবেন।) ঘরের ছেলের মুখে ঘরের ভাষা শুনে আত্মহারা দর্শকেরা, আবার মাদককে ‘না’ বলল সমস্বরে।মিঠে-কড়া এসব কথার ফাঁকে দুই শিল্পী একটা কথা আবার স্মরণ করিয়ে দিলেন সবাইকে, ব্রাজিল-আর্জেন্টিনা হারল বলে এক দিন কাঁদব। কিন্তু মাদক নিলে হেরে যাবেন জীবনে, তাতে কাঁদতে হবে সারা জীবন।এভাবে পানির রাজ্যে সুরের ভেলায় ভেসে এবং সরস কথামালায় মেতে মাদককে ‘না’ বলল চট্টগ্রামবাসী। গত ৩ জুলাই প্রথম আলোর আয়োজনে ফয়’স লেকের ওয়াটার ওয়ার্ল্ডে হয়ে গেল বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট। এতে সহযোগিতা করে বাংলালিংক, কনকর্ড, চ্যানেল আই ও প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রামের সদস্যরা।ঘড়ির কাঁটা যখন চারটায়, তখনই মাইক্রোফোন হাতে মঞ্চে আলো ছড়ালেন উপস্থাপক আবদুন নূর তুষার। তিনি ডাকলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হককে।শুরুতেই বিশ্বকাপ।আনিসুল হক দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন, ফুটবলে কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল আবার ক্রিকেটে কেউ ভারত, কেউ পাকিস্তান। কিন্তু ওই সব দেশের বিরুদ্ধে বাংলাদেশের খেলা হলে সেদিন আপনারা কার পক্ষে থাকবেন?হাজার কণ্ঠে একটি শব্দই শোনা গেল ‘বাংলাদেশ, বাংলাদেশ’। এবার তিনি বললেন, ‘আমরা দেশকে ভালোবাসি, সে জন্য সুন্দর দেশ গড়তে হবে। আর তার জন্য মাদককে “না” বলতে হবে।’কথার পরে গান। মঞ্চে এল ব্যান্ড দূরবীন। একদল স্বপ্নবান তরুণ গানে গানে স্বপ্ন বুনলেন, ‘উড়াই চল স্বপ্নডানা/ আকাশ ছুঁতে নেই মানা’, ‘ভালোবাসি, বড় ভালোবাসি’, ‘সোনা বউ শুনছনি’ ও ‘স্বপ্নের জানালা’ গানগুলো গেয়ে আসর মাত করেন শহীদ, আরেফীন রুমি ও শুভ। উপস্থাপকের গলা শোনা গেল, এবার এমন একজনকে ডাকব, যিনি শুধু অভিনেত্রী নন, শিক্ষকও। অপি করিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অপির নাম ঘোষণা হতেই আনন্দের ঢেউ চারদিকে।অপি বললেন, ‘নিজেকে স্মার্ট দেখানোর জন্য অনেকে মাদক নেয়। সবাইকে মনে রাখতে হবে, জীবনটা আপনার, সে জীবনকে কীভাবে উপভোগ করবেন, সে সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। কিন্তু আমি শুধু বলতে পারি, প্রেমে বিফল হয়ে মাদক নিতে হবে, এটা পুরোটাই ভুয়া।’ উপস্থাপকের প্রশ্নে অপি করিম জানিয়ে গেলেন, তিনিও ব্রাজিলের সমর্থক। এতে দর্শকেরা কিছুটা দমে গেল। কিন্তু অভিনেতা জাহিদ হাসান মঞ্চে এসে ঘোষণা করলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক। তাঁর কথায় আনন্দে ফেটে পড়ল দর্শকেরা। জাহিদের কাছে জীবনের ছোটখাটো ‘পেইনের’ কথা জানতে চাইলেন উপস্থাপক তুষার। জাহিদের সরল স্বীকারোক্তি, ‘জীবনে আমিও যে ছ্যাঁকা খাইনি, তা নয়! এটা সবাই খায়। কিন্তু ক্লাস টুতে ফেল করলে থ্রি আছে, প্রেমিকা একটা গেলে আরেকটা আছে। হতাশ হয়ে মাদক নিতে হবে কেন?’জাহিদ হাসানের উদ্দেশে এক দর্শকের প্রশ্ন, ‘আপনি সিগারেটের বিজ্ঞাপন করেছিলেন কেন?’ এখানেও সরল স্বীকারোক্তি জাহিদের, ‘না বুঝে করেছিলাম। কেউ ভুল করলে তাঁকে সংশোধনের সুযোগ দিতে হয়।’তাঁর সঙ্গে কণ্ঠ মেলালেন উপস্থাপক। বললেন, ‘আজ যারা মাদকাসক্ত, তাদের জন্য পরিবার ও সমাজের অনেক দায়িত্ব আছে। ভালোবাসা ও সুচিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে তাদের।’আবার গান।‘বদলে যাও, বদলে দাও’ দিয়ে শুরু, পর পর তিনটি গান করেন আসিফ। সে গানে নাচলেন তিনি, নাচালেন সবাইকে।মঞ্চ ছাড়ার সময় তাঁকে খোঁচা দিলেন কয়েকজন দর্শক, ‘বিদায় ব্রাজিল...।’‘ছ্যাঁকা খাওয়া নিয়ে তো অনেক কথা হলো। ছ্যাঁকা যাঁরা দেন, তাঁদের একজন এখানে আছেন। এবার ডাকছি তাঁকে, মঞ্চে আসছেন মীম।’ তুষারের ঘোষণায় আবার উল্লাস দর্শকদের মধ্যে।মীমের উদ্দেশে তুষারের প্রশ্ন, স্মার্ট ছেলে কারা? ‘মেয়েরা যাঁদের ছ্যাঁকা দেয় না তাঁরাই।’ মীমের উত্তর।স্মার্ট ছেলের কী গুণ থাকতে হবে?‘তারা সিগারেট খাবে না, মাদক নেবে না। ব্যবহার ভালো হবে, মানবীয় গুণাবলি থাকবে।’এবার ফোড়ন কাটলেন তুষার, ‘মীম মনে হয় পানিকে ভয় পান। পড়ে যাওয়ার ভয়ে সামনে যাচ্ছেন না।’মীম এ কথার প্রতিবাদ করলেন। বললেন, ‘নিচে অনেকে আছে, যারা পানিতে পড়ে গেলে আমাকে বাঁচাবে?’হাসির রোল পড়ল মঞ্চে। এই ফাঁকে অপি করিম ও মীমকে ধরে সত্যি সত্যি পানিতে ফেলে দিতে চাইলেন জাহিদ হাসান।ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মেহ্রীন মঞ্চে এসেই কথার ঝাঁপি খুললেন। সে কথায় মাদককে ‘না’ বলে জীবন জয়ের প্রত্যয়। এরপর ধরলেন বাংলার গান, ‘ঢোল বাজে’ ও ‘আনাড়ি’ গেয়ে মুগ্ধতার আবেশ ছড়ান তিনি।প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘একজন মাদকাসক্ত শুধু নিজেকে ধ্বংস করে না, ধ্বংস করে একটি পরিবারকে। দেশে এখন মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখ। তাদের কারণে পাঁচ কোটি মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তাই শপথ নিতে হবে মাদক প্রতিরোধের।’ শুভেচ্ছা বক্তব্য দেন কনকর্ডের মহাব্যবস্থাপক আনিসুর রহমান চৌধুরী।কথা আর গানে গানে বেলা বয়ে যায়। বিদায়ের বিষণ্ন হাসিতে ডুবু ডুবু সূর্যটা। তখনই আইয়ুব বাচ্চুর সুরের সাগরে ডুব দেয় দর্শকেরা। ‘আড্ডা’ দিয়ে শুরু, পর পর তিনটি গান করলেন বাচ্চু। দর্শকদের অনুরোধে খালি গলায় গাইলেন, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’। গানের পরে বিশ্বকাপ আরেকবার। দর্শকদের উদ্দেশে বললেন বাচ্চু, ‘আশা করি আর্জেন্টিনা আজ জিতবে। আমি আপনাদের দলে ভিড়ে গেলাম। আপনারাও আসুন আমার দলে, ‘মাদককে না’ বলার দলে। তাঁর কথায় দুই হাত তুলে আরেকবার মাদককে ‘না’ বলল সবাই, গোধূলি বেলায়।