সুরের যজ্ঞে আমার নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন ৭ নভেম্বর যখন মুম্বাই পৌঁছালাম, বাংলাদেশে তখন সবাই গোশত কাটায়, রান্নায় ব্যস্ত। আর আমরা তিনজন (আমি, রাসেল ও লাকি) ঈদবিহীন খাবার খাচ্ছি আর ভাবছি, পরদিন আশা ভোঁসলে যেন সুস্থ থেকে দেখা করতে ও গান রেকর্ড করতে পারেন। সন্ধ্যায় রাসেল যখন বেশি খুশি হতে না করল এবং বলল, ‘আমি তো কাজে এসেছি, আশাজি না পারলেও সনু নিগম ও জাভেদ আলীকে দিয়ে গান করিয়ে নেব, কিন্তু আপুর কী হবে? ঈদের আনন্দ কোরবানি দিয়ে যার জন্য ছুটে এলেন, তিনিই যদি অসুস্থ থাকেন, দেখা না হয়, তাহলে আপুর কত কষ্ট হবে!’ ৮ নভেম্বর ফজরের ওয়াক্তের পর কখন আবার ঘুমিয়ে পড়েছি—হঠাৎ রাসেল পাশের ঘর থেকে গম্ভীরভাবে আমাদের তাড়াতাড়ি তৈরি হতে বলল। আশা ভোঁসলে আমাদের যেতে বলেছেন। মাথাটা কাজ করল না, নির্বিকারভাবে উঠলাম। কী করব বুঝছিলাম না। দুটি শাড়ি নিয়ে গেছি, দেশীয় হালকা একটি শাড়ি পরে নিলাম। নাশতার টেবিলে রাসেল গম্ভীর গলায় বলল, ‘আপু, আপনার স্বপ্ন পূরণ হলো, আমার স্বপ্ন তো পূরণ হলো না...।’ মনটা আবারও খারাপ হয়ে গেল। বললাম, সেটাও কি আমার অপরাধ? (এভাবেই বিনা অপরাধে অপরাধী হই আমি প্রায়ই)। যাহোক, গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছিলেন আশাজির এজেন্ট জয়দা। তাঁকে ধন্যবাদ, মন খুলে তাঁকে স্বপ্নের কথা ফোনে জানিয়েছিলাম, তিনি ব্যবস্থা করলেন। রাসেলকে জানালেন, শারীরিক দুর্বলতার জন্য গান গাইতে না পারলেও বাংলাদেশ থেকে আসা শিল্পীর সঙ্গে আশাজি স্টুডিওতে নয়, নিজ বাড়িতে দেখা করবেন। গাড়িতে সারা রাস্তা রাসেলের মন খারাপ দেখে আমিও খুশি প্রকাশ করতে পারছিলাম না। ...অ্যাপার্টমেন্টে পৌঁছেই হূদ্স্পন্দন বাড়তে শুরু করল। আশাজির নতুন ফ্ল্যাট। কেবলি কিনেছেন। আশাজি ড্রয়িং রুমে না ঢোকা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই কথা বলতে বলতে একজন হালকা-পাতলা সাধারণ ভদ্রমহিলা ড্রয়িং রুমে এলেন। এসেই হেসে জিজ্ঞেস করলেন, ‘বাংলাদেশের শিল্পী কোনজন এসেছেন?’ আমি এগোব কি, হাত-পা কাঁপছে তখন আমার।... আশা ভোঁসলে আমার সামনে দাঁড়িয়ে!!! রাসেল ও লাকি এগিয়ে গিয়ে সালাম করল। আমি তাঁর পা দুটোতে হাত রাখলাম। কি মোলায়েম, আমার মা-নানির মতো। বললেন, ‘পা ধরে সালাম করতে হয় না।’ আমাকে ‘আপনি’ সম্বোধন করে অত্যন্ত সম্মানের সঙ্গে বসতে বললেন। এর মধ্যে রাসেল গিয়ে নিজের পরিচয় দিতেই তিনি বললেন, রাসেলের গান তাঁর ভালো লেগেছে। রাসেল ও আমি অনুরোধ করলে তিনি ২২-২৩ নভেম্বর একটি গান রেকর্ড করার সময় দিলেন। একটি গান আমি পছন্দ করলে তিনি সেটিই নিলেন। আরও আটটি গান পূজায় রেকর্ড করতে পারেন বলে রাসেলকে আশ্বাস দেওয়ায় খুশিতে রাসেলের হার্টবিট বেড়ে গেল। আর মন খারাপ? উধাও নিমেষে!এবার আশাজি কথা শুরু করলেন। এ কথা-সে কথা। বেশি সময় বাংলাতেই সুন্দর করে কথা বললেন। আলাপের সময় কয়েকবার পঞ্চমের (আর ডি বর্মণ) নাম নিতে ভুললেন না। এখনকার গান তাঁর মোটেও ভালো লাগে না বলেও জানালেন। তিনি কথা বললেন, আর আমি মুগ্ধ হয়ে তাঁর দিকে তাকিয়ে আছি। চোখ থেকে অবিরাম জল ঝরছিল আমার। আশাজি এবার আমাকে তাঁর সঙ্গে একই সোফায় বসতে বললেন। আফসোস—বসলাম না। আমি বসতে পারিনি। আজ আমি প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী, আশাজি আমাকে বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী হিসেবে বাসায় আমন্ত্রণ জানালেও, যখন থেকে তাঁকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করি, তখন তো এই আমি ‘সামিনা চৌধুরী’ হইনি! ...আমি তাঁর পায়ের কাছে মাটিতে বসলাম। উনি আমার বিনয় দেখে খুব খুশি হলেন। আমি বলতে ভুলে গেলাম, এই বিনয় আমার মা ও কিংবদন্তি শিল্পী বাবা মাহমুদুন্নবীর কাছে শেখা। সবচেয়ে স্মরণীয় এবং অবাক যে ব্যাপারটি, তা হলো আশাজিও একটার পর একটা বাংলা, হিন্দি, উর্দু গজল গেয়ে চললেন। দুজনে ভুলেই গেলাম সময় কত গড়িয়ে যাচ্ছে। একবার পরীক্ষার মতো ‘কারুনা ইয়াদ’ গানটি শুনতে চাইলেন। এগুলো আমার প্রাণের গান, কাজেই হুকুম করতেই যতক্ষণ—সঙ্গে সঙ্গেই গেয়ে উঠলাম। তিনি বললেন, ‘তুমি আসলেই খুব ভালো গাও।’ এরপর আমাকে অনেক টিপস দিলেন, মাথায় হাত দিয়ে আদর ও দোয়া করলেন। এই দোয়া পাওয়া আমি শিল্পী হিসেবে ভাগ্যের ব্যাপার মনে করি। তাঁকে সামান্য একটু উপহার, দেশীয় শাড়ি দিয়ে ধন্য হলাম। পছন্দের রং পেয়ে বললেন, ‘তুম মেরে পাসান্দ জানতে হো।’ তাঁকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম।