সুরের সঙ্গে সন্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ধি। ছবি: খালেদ সরকার
সন্ধি। ছবি: খালেদ সরকার

সন্ধিকে ইদানীং ছেলেবেলায় পেয়ে বসেছে। ফেসবুক প্রোফাইলে আপলোড করছেন একের পর এক ছেলেবেলার ছবি। শুধু কি ফেসবুক? ঘুরেফিরে ছেলেবেলা চলে আসে সন্ধির কথায়, গানে, এমনকি স্টুডিওতেও। স্টুডিওর সঙ্গে লাগোয়া চিলেকোঠায় রাখা ব্যাট আর স্টাম্প সে আভাসই দিল।
‘পাঁচ-ছয় বছর আগেও বিকেলে ছাদে উঠলেই আশপাশে অন্তত দু-একটা ঘুড়ি চোখে পড়ত। এখন এত উঁচু উঁচু বিল্ডিং অথচ দেখেন, আকাশে কোনো ঘুড়ি নেই।’ বলছিলেন তিনি। রোববার বিকেলে সন্ধির সঙ্গে কথা হলো মগবাজারে তাঁর স্টুডিওতে।
আকাশ তো বটেই, বদলেছেন সন্ধিও। মহাকাল ব্যান্ডের সঙ্গে হয়েছিল যাত্রা শুরু। এখন ব্যান্ড নেই, কিন্তু ব্যস্ততা ভীষণ। তিন শতাধিক বিজ্ঞাপণের জিঙ্গেল করেছেন। উজান গাঙের নাইয়া, ভালোবাসি তাই ভালোবেসে যাইসহ কিছু নাটকের আবহ সংগীত তাঁর করা। সম্প্রতি জিরো ডিগ্রি ছবির একটি গান দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাকের অভিষেক হলো। ব্যস্ততা আছে ডোরা কার্টুনের বাংলা সংস্করণ নিয়েও। কার্টুন সিরিজটির ডাবিংয়ের নির্দেশনা দিচ্ছেন সন্ধি। বোন সভ্যতার একটি অ্যালবাম বেরোবে শিগগিরই, সেটির কাজ চলছে। তবে বড় চমক হলো প্রজেক্ট নিয়ন।
সন্ধি ব্যাখ্যা করলেন এভাবে, ‘এটা কোনো ব্যান্ড না। এটা একটা প্রজেক্ট। আমরা একেকবার একেক শিল্পীকে ফিচার করব। কণ্ঠশিল্পী হতে পারেন, হতে পারেন একজন সেতারবাদক কিংবা গিটারিস্ট। আমাদের তৈরি ট্র্যাকগুলো নিয়ে ভিডিও তৈরি হবে। বিভিন্ন সময় বিভিন্ন সিনেমাটোগ্রাফার আমাদের সঙ্গে কাজ করবেন।’
এই ধারণা নতুন নয়। ওয়াটসন ব্রাদার্সকে সন্ধিই মনে করিয়ে দিলেন। বাইরের বিশ্বের উদাহরণ হিসেবে বললেন পিয়ানো গাইজের কথা। প্রজেক্ট নিয়নের প্রথম গান ‘অলস পোকা’ বেরিয়েছে স্বপ্নচূড়া ৪ অ্যালবামে। দ্বিতীয় গানের কাজ চলছে।
আলাপের ফাঁকে প্রশ্নটা সরাসরিই ছুড়ে দিই, ‘এই যে প্রতিদিন নতুন নতুন বিজ্ঞাপনের কাজ করছেন; আনন্দ নিয়ে করেন, নাকি স্রেফ টাকার জন্য?’ সন্ধির জবাব, ‘অবশ্যই আনন্দ নিয়ে করি।’
কারণটা বুঝিয়ে বলেন। ‘বিজ্ঞাপনের কাজ থেকে অনেক কিছু শেখার আছে। একেক ক্লায়েন্ট একেক রকম চান। কেউ হয়তো চাইলেন, জিঙ্গেলটা গত শতকের নব্বইয়ের দশকের রক গানের মতো হবে। আমি সারা রাত ইউটিউবে সে সময়ের রক গান শোনা শুরু করলাম। কিছুদিন আগে গ্রামীণফোন থেকে বলল, তারা একটা জিঙ্গেল চায় হিপহপ ধাঁচের। আমি হিপহপ গান করি না। তার পরও দিন-রাত হিপহপ নিয়ে রীতিমতো পড়াশোনা করতে হলো। এই যে নতুন নতুন জিনিস শিখছি, এটাই আনন্দ। যখন মনে হবে বিজ্ঞাপন থেকে আর কিছু শেখার নেই, তখন আর করব না।’
সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন, ‘প্রতিনিয়ত এই শেখাগুলো কাজে লাগাতেই প্রজেক্ট নিয়ন।’
সন্ধির সব শেখার শুরু বাবা খোদাবেক্সর হাত ধরে। সবার কাছে যিনি ‘সানু স্যার’ নামেই বেশি পরিচিত। ‘ছোটবেলায় নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত শিখিয়ে ভীতটা বাপিই গড়ে দিয়েছিলেন।’ বললেন তিনি। সম্প্রতি খোদাবক্স প্রয়াত হয়েছেন। সন্ধির ঘুরেফিরে বারবার ছেলেবেলায় ফেরার বোধ হয় এটাও একটা কারণ। সে সময়ের অনেকখানিজুড়ে যে ‘বাপি’ আছেন!