সুরেলা গল্পের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে হেমন্তের সোনালি রোদ, রাতে শীতের আবহ। এর মধ্যে আবার জমে উঠবে গানের আসর। গানে-সুরে সুরেলা অনেক গল্পই নতুনভাবে বলা হবে আবার। ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৪’-এর কথা বলছি। ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয়বারের মতো এ আয়োজন করা হচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে পাঁচ দিনের এ উৎসবে আসছেন বরেণ্য সব সংগীতজ্ঞ। তবে এবারের উৎসব আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে ভারতীয় উচ্চাঙ্গসংগীতের দুই পুরোধা বিদুষী কিশোরী আমানকর ও ওস্তাদ আমজাদ আলী খানের পরিবেশনায়। প্রথমবারের মতো এই উৎসবে গীত-বাদনের সুষমায় মোহিত করবেন তাঁরা। এখানেই শেষ নয়, এ উৎসবে প্রথমবারের মতো আরও আসছেন মালবিকা সাররুকাই, কুড়াইকুডি মানি, উমাকান্ত ও রমাকান্ত গুণ্ডেচা, আমান আলী খান, আয়ান আলী খানসহ অনেকেই। স্কয়ার নিবেদিত উৎসবটির সার্বিক সহযোগিতায় আছে প্রথম আলো ও ডেইলি স্টার। সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।
উৎসব উপলক্ষে এখন চলছে নিবন্ধন। হ্যাঁ, আপনাকে বলছি, উচ্চাঙ্গসংগীতের সুর-লয়ের খেয়ায় ভেসে যেতে চাইলে নিবন্ধন করুন এখনই। আর এ মুহূর্তে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন উৎসবে প্রথমবার আসা কয়েকজন সংগীত তারকার প্রোফাইলে। আর কয়েক দিন পরেই তো আপনাদের সামনে তাঁরা মেলে ধরবেন সুরেলা সব গল্প।

বিদুষী কিশোরী আমানকর
বিদুষী কিশোরী আমানকর

বিদুষী কিশোরী আমানকর
তাঁকে বলা হয় উচ্চাঙ্গসংগীত শিরোমণি। মূলত জয়পুর ঘরানার শিল্পী। ধ্রুপদি সংগীতের মধ্যে খেয়াল, ঠুমরি ও ভজনে পারদর্শী তিনি। সংগীতে হাতেখড়ি মা মগুবাই কুর্দিকারের হাতে। পরে গান শিখেছেন ভেন্ডি বাজার ঘরানার শিল্পী আনজানি বাইয়ের কাছে। কিশোরী আমানকরের জীবনে আছে ভাঙাগড়া—১৯৫০ সালে গলা নষ্ট হয়ে যায় তাঁর। দুই বছর গান গাইতে পারেননি এ জন্য। একসময় চলচ্চিত্রে প্লে-ব্যাকও করেছেন। ১৯৬৫ সালে গীত গায়ে পাথর নে ছবিতে প্রথম গান করা। পুরোদস্তুর উচ্চাঙ্গসংগীতের এ শিল্পী নিজেকে মানিয়ে নিতে পারেননি সিনেপাড়ার পরিবেশের সঙ্গে। ফলে সিনেমাকে ইতি জানিয়ে ধ্রুপদি সংগীতের বর্ণিল ভুবনকেই আত্মস্থ করেছেন পুরোপুরি। তবে ১৯৯০-এ তিনি দৃষ্টি নামে আরেকটি হিন্দি ছবিতে গান করেছেন। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে পদ্মভূষণ ও ২০০২ সালে পেয়েছেন পদ্মবিভূষণ।

ওস্তাদ আমজাদ আলী খান
‘বিংশ শতাব্দীর সবচেয়ে সেরা সরোদ মাস্টার’—ওস্তাদ আমজাদ আলী খান সম্বন্ধে এমনটি লিখেছিল ইংল্যান্ড থেকে প্রকাশিত ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিন। সাত বছর বয়সে তাঁর তালিম শুরু হয় বাবা হাফিজ আলী খানের হাতে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে—সরোদ নিয়ে মাত করেছেন বিশ্বের নানা প্রান্ত। পৃথিবীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর তিনি। সংগীতে অবদান রাখার ইতিমধ্যেই পেয়েছেন দেশিকোত্তম, ইউনেসকো অ্যাওয়ার্ডসহ ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণ।

ছেলে আমান ও আয়ানের সঙ্গে ওস্তাদ আমজাদ আলী খান
ছেলে আমান ও আয়ানের সঙ্গে ওস্তাদ আমজাদ আলী খান

আমান আলী খান ও আয়ান আলী খান
ওস্তাদ আমজাদ আলী খানের ছেলে আমান আলী খান ও আয়ান আলী খান। বাবার মতো দুই ভাই সরোদে পারদর্শী। দুই ভাইয়ের সংগীতে দীক্ষা বাবার হাতেই। আমান ও আয়ান দুজনই তরুণ প্রজন্মের মধ্যে খুব জনপ্রিয়। তবে জনপ্রিয়তার দৌড়ে আমান অপেক্ষা আয়নের অবস্থান খানিকটা ওপরে। মিউজিক্যাল ট্যালেন্ট হান্ট ‘সা-রে-গা-মা’ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আয়ান। নিজেদের একক অ্যালবাম ছাড়াও বেশ কয়েকটি যৌথ অ্যালবাম আছে এই ভ্রাত্রিদ্বয়ের। বাবা আমজাদ আলী খানের সঙ্গেও সাতটি অ্যালবাম করেছেন তাঁরা।