সুলতান পদক পেলেন মুনছুর-উল করিম
গতকাল মঙ্গলবার সুলতান পদক বিতরণের মধ্য দিয়ে শেষ হলো আট দিনব্যাপী সুলতান মেলা। শিল্পী সুলতানের ৮৯তম জন্মবার্ষিকীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে মেলা শুরু হয় গত ২৫ ফেব্রুয়ারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মুনছুর-উল করিমকে এবার সুলতান পদকে ভূষিত করা হয়েছে।
অধ্যাপক মুনছুর-উল করিম পদক প্রাপ্তির আনন্দ-অনুভূতি প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘সুলতানের মতো এত বড় মাপের একজন শিল্পীর নামাঙ্কিত পদক পেয়ে নিজেকে ধন্য ও গর্বিত মনে হচ্ছে।’
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন সাংসদ কবিরুল হক, সাংসদ শেখ হাফিজুর রহমান, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন প্রমুখ। জেলা প্রশাসক আ. গাফফার খান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান।