সুলতান মেলা শুরু আজ
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ শুক্রবার থেকে নড়াইলে তিন দিনব্যাপী মেলা শুরু হচ্ছে। নড়াইল শহরের শিশু স্বর্গ এলাকায় এই মেলার আয়োজন করেছে সুলতান ফাউন্ডেশন। সুলতানের জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ভারতের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের সহায়তায় কলকাতা থেকে ২৪ জুলাই ‘সম্প্রীতি যাত্রা’ নামে ২০ সদস্যের এক সাইকেল র্যালি গতকাল নড়াইলে এসে পৌঁছেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে চিত্রা নদীর সুলতান সেতু থেকে সাইকেল-আরোহীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।ফাউন্ডেশনের সভাপতি শেখ আবু হানিফ জানান, আগামী ১০ আগস্ট শিল্পীর জন্মদিন হলেও পবিত্র মাহে রমজানের কারণে এবার একটু আগেই দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশের বিভিন্ন চিত্রশিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, শোভাযাত্রা, নৌকাবাইচ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।