সুস্থ হয়ে উঠছেন সুচিত্রা সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমেই সুস্থ হয়ে উঠছেন সুচিত্রা সেন। তবে এখনও তাঁকে কৃত্রিম উপায়ে আট ঘণ্টা অক্সিজেন দেওয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক চিকিৎসক ড. সুব্রত মৈত্রের পরামর্শ অনুযায়ী আজ শুক্রবার থেকে সুচিত্রা সেনকে পছন্দ অনুযায়ী স্বাভাবিক সব খাবার দেওয়া হচ্ছে। ডা. সুব্রত মৈত্র আজ দুপুরে সংবাদ মাধ্যমকে জানান, গত বৃহস্পতিবারের চেয়ে সুচিত্রা সেনের আজকের অবস্থা তুলনামূলকভাবে ভালো। তবে কবে নাগাদ তিনি বাড়ি যেতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বুকে বেশি মাত্রায় সর্দি জমে ফুসফুসে সংক্রমণ হলে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন সুচিত্রা সেন। এতে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। গত ২০ জুন রাতে অনেকটা গোপনেই তাঁকে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়। ৩০ জুন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ সুচিত্রা সেনের অসুস্থতার খবরটি সংবাদ মাধ্যমের কাছে গোপন রাখে। গতকাল হাসপাতালের মুখ্য নির্বাহী কর্মকর্তা প্রদীপ ট্যান্ডন সাংবাদিকদের জানান, সুচিত্রা সেন গুরুতর অসুস্থ, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এদিকে হাসপাতালের অন্য একটি সূত্র থেকে জানা যায়, সুচিত্রা সেন একপর্যায়ে নাকি পুরোপুরি সংজ্ঞাহীন অবস্থায় চলে গিয়েছিলেন। এখন অবশ্য তিনি একটু বসতে পারছেন। মাঝেমধ্যে বিছানা ছেড়ে চেয়ারে বসছেন, অল্প হাঁটছেনও। তবে তাঁকে এখনও হাসপাতালের আইসিইউ বিভাগেই রাখা হয়েছে।