সুস্থ হয়ে উঠছেন সুচিত্রা সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমেই সুস্থ হয়ে উঠছেন সুচিত্রা সেন। গতকাল শুক্রবার থেকে তাঁকে তাঁর পছন্দ অনুযায়ী স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে। এদিন তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হয় আট ঘণ্টা। শুক্রবার দুপুরে তাঁর চিকিৎসক সুব্রত মৈত্র সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার সুচিত্রা সেনের অবস্থা তুলনামূলকভাবে ভালো। তবে কবে নাগাদ তিনি বাড়ি যেতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বুকে বেশি মাত্রায় সর্দি জমে ফুসফুসে সংক্রমণ হওয়ায় বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন সুচিত্রা সেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় গত ২০ জুন রাতে অনেকটা গোপনীয়তা রক্ষা করে তাঁকে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়। ৩০ জুন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ সুচিত্রা সেনের অসুস্থতার খবরটি সংবাদমাধ্যমের কাছে গোপন রাখে।এরপর হাসপাতালের মুখ্য নির্বাহী কর্মকর্তা প্রদীপ ট্যান্ডন সাংবাদিকদের জানান, সত্যিই সুচিত্রা সেন গুরুতর অসুস্থ। তবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এদিকে হাসপাতালের অন্য একটি সূত্র থেকে জানা গেছে, সুচিত্রা সেন একপর্যায়ে কোমায় চলে গিয়েছিলেন। এখন অবশ্য তিনি একটু বসতে পারছেন। মাঝেমধ্যে বিছানা ছেড়ে চেয়ারে বসছেন। অল্প হাঁটছেন। তবে তাঁকে এখনো হাসপাতালের আইটিইউ বিভাগেই রাখা হয়েছে।