সুস্মিতার ‘বন্ধু’ ওয়াসিম আকরাম
সম্প্রতি বলিউডের অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের বিয়ের গুজব ছড়িয়ে পড়লে তা অস্বীকার করেন সুস্মিতা। এবারে একই সুরে সুর মেলালেন ওয়াসিম আকরামও। জানালেন, সুস্মিতার সঙ্গে বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক তাঁর নেই। ২০০৮ সালে প্রচারিত নাচ বিষয়ক টিভি রিয়েলিটি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওয়াসিম আকরাম ও সুস্মিতা সেন। অনুষ্ঠানের সেটে পরিচয়ের পর থেকেই তাঁদের প্রেমের খবর ডালপালা মেলে। সম্প্রতি তাঁদের বিয়ের পরিকল্পনার খবর চাউর হলে বিষয়টিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন আকরাম। জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আমি চাই না, মিডিয়া এবং ভক্তরা আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করুক। যে কারও ব্যক্তিগত জীবনের প্রতি সবারই শ্রদ্ধা থাকা উচিত। বহুদিন ধরে সুস্মিতা ও আমাকে ঘিরে গুজব ছড়ানো হচ্ছে এবং তা অস্বীকার করতে করতে আমি যার পর নাই ক্লান্ত ও বিরক্ত।’ আকরাম আরও বলেন, ‘২০০৮ সালে এক খিলাড়ি এক হাসিনা অনুষ্ঠানে একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের মধ্যে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। ব্যস এটুকুই, এর বেশি কিছু নয়।’ সুস্মিতার অনেক প্রশংসাও করেছেন আকরাম। তাঁর মতে, ‘আমার জীবনে দেখা অন্যতম সুশীল ও সুন্দর নারী সুস্মিতা। তিনি সবার সামনে নিজেকে চমত্কারভাবে তুলে ধরতে পারেন। তাঁর পেশাদারিত্বের কোনো তুলনা হয় না। এক খিলাড়ি এক হাসিনা অনুষ্ঠানে তাঁর সঙ্গে কাজ করতে আমার অনেক ভালো লেগেছে।’ আকরামের স্ত্রী হুমা মারা গেছেন ২০০৯ সালে। সেই থেকে বিপত্নীক জীবন-যাপন করছেন ৪৬ বছর বয়সী এ তারকা ক্রিকেটার। অন্যদিকে, জীবনের ৩৭টি বছর পার করলেও, এখন পর্যন্ত বিয়ের পথ মাড়াননি সুস্মিতা। তাঁর সব সময়ের সঙ্গী দত্তক নেওয়া দুটি কন্যা সন্তান। সুস্মিতাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০১০ সালে, ‘নো প্রবলেম’ ছবিতে। একটা সময়ে ‘জিসম টু’খ্যাত বলিউডের অভিনেতা রণদীপ হুদার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা।