সূচনার শুভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদাচঞ্চল মেয়েটি নাচের অনুষ্ঠান এলেই স্থির। চোখ আটকে যায় টেলিভিশনের পর্দায়। অপলক দৃষ্টি। এরপর হাঁটার সময় কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে টিভির নাচিয়েদের অনুকরণের চেষ্টা। ব্যাপারটা ঘরের অন্যরা গুরুত্ব না দিলেও দৃষ্টি এড়ায় না মায়ের। লক্ষ করেন মেয়ের আচরণ। তখন বয়স আর কত, বড়জোর চার। মা টের পেলেন মেয়েটির ঝোঁক কিসে। ব্যস, বছর খানেক পরেই ভর্তি করিয়ে দিলেন আর্য্যসংগীত বিদ্যাপীঠে। তুলে দিলেন নাচের ওস্তাদ অর্পিতা সেনের হাতে। শুরু হলো সূচনা বণিকের নাচের জীবন। এই জন্যই হয়তো ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ শিরোপা জেতার পর প্রথমেই চোখে পড়ল মায়ের আনন্দাশ্রু। বাংলাভিশনের এই রিয়ালিটি শোতে সেরা হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রামের মেয়েটি। সূচনার নিজের কাছেও মনে হয় কিছুটা ভাগ্যদেবীর আশীর্বাদ। সম্প্রতি প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আলাপে বিজয়ের সেই মুহূর্তের কথা তুলতেই চোখমুখে অন্যরকম এক দ্যুতি। কণ্ঠে আনন্দ আর বিস্ময়। বললেন, ‘সেরা সাতে আসার পর আত্মবিশ্বাসটা বেড়ে গেল। নাচে কোনো খুঁত না রাখতে মনপ্রাণ ঢেলে দিলাম। ভালো কিছু করার স্পৃহা কাজ করছিল আমার মধ্যে। আবিষ্কার করলাম নতুন এক আমি। তাতে কাজ দিল। বিচারকদের মন্তব্যও ভালো। বুঝলাম এবার হবে। তবে তা যে আমাকে একবারে চূড়ায় নিয়ে যাবে, সেটা কখনো ভাবিনি। ভেবেছিলাম দ্বিতীয় না হয় তৃতীয় হব। তাই যখন প্রথম হয়ে গেলাম তা আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি।’ প্রতিযোগিতায় মজার একটা ব্যাপার ছিল। সাতজনের মধ্যে থাকা চট্টগ্রামের আরেক শিল্পী জয়ন্তী বণিক ছিলেন সূচনার শিক্ষক। ছয় বছর ধরে তাঁর কাছে নাচ শিখেছেন। শেষে লড়লেন গুরু-শিষ্য। অবশ্য প্রতিযোগী হিসেবে নয়, জয়ন্তী সূচনাকে স্নেহের চোখেই দেখেছেন। সাহায্য করেছেন যতটুকু সম্ভব। ‘দিদি (জয়ন্তী) আমার ভালো একজন বন্ধু। তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’ বললেন সূচনা। ম্যাঙ্গোলি নাচের শিরোপা বড় কোনো আয়োজনে সূচনার সেরা অর্জন। আগে জিতেছেন শিশুশিল্পী হিসেবে। প্রথম পুরস্কার জেতেন চট্টগ্রামের হাজারীলেনের ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মোৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতায়। তখন তৃতীয় শ্রেণীর ছাত্রী। ‘নাচ ময়ূরি নাচরে/ রুম ঝুমা ঝুম নাচরে’ গানের সঙ্গে মঞ্চ মাতালো খুদে শিল্পীটি। নাচ শেষে দর্শকদের করতালি আর অভিনন্দনের জোয়ার। আজও চোখের সামনে ভাসে সূচনার। এরপর ২০০৮ সালে পেলেন নজরুল স্মৃতি স্বর্ণপদক। ২০০৯-এ লোকনৃত্যে বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হলেন। এ ছাড়া স্থানীয়ভাবে জিতেছেন অনেক পুরস্কার। নাচকে সময় দিতে গিয়ে কি পড়ালেখার ব্যাঘাত ঘটছে? প্রশ্নটার জন্য মনে হয় তৈরিই ছিলেন। সঙ্গে সঙ্গে মাথা নেড়ে উত্তর, ‘মোটেই না’। সূচনা এখন পড়ছেন চট্টগ্রাম নগরের এনায়েত বাজার মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষে। পুরস্কার জেতার পর কলেজের অবস্থা কি? শুনে মুচকি হেসে বললেন, ‘এখন আমি কলেজের পরিচিতমুখ। আলাপ জমাতে চায় সবাই। শিক্ষকেরাও যেকোনো কাজে সহায়তা করেন।’ নাচের সঙ্গে ঘর বেঁধেছেন। পরের পথটা কীভাবে পাড়ি দেবেন? বললেন, ‘আমাকে এখনো আরও অনেক শিখতে হবে। সেই চেষ্টাই অব্যাহত আছে। শিল্পকলা একাডেমীতে নৃত্যবিষয়ে দ্বিতীয় বর্ষে পড়ছি। পাশাপাশি তালিম নিচ্ছি ওস্তাদ তরুণ চক্রবর্তীর কাছে। ইচ্ছা আছে ভবিষ্যতে ভরত নাট্যমে ডিগ্রি নেওয়ার।’ তবে সূচনার স্বপ্নের পাশাপাশি কিছুটা আক্ষেপও আছে। ‘চট্টগ্রামে ভালো কোনো নাচের স্কুল নেই। অথচ গুণী শিল্পী আছেন অনেকে। যাঁদের তালিম পেলে উঠে আসবে আরও শিল্পী। সবার চেষ্টায় এমন একটা প্ল্যাটফর্ম কী করা যায় না?’ সূচনার প্রশ্ন।