সূর্যসেন বলিউডে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্য ঘটনার ব্যাপারে বলিউড দর্শকদের বরাবরই অনীহা। তাদের বিনোদনের থলেতে একটি গোলমাল, দাবাং, রোবট, ওম শান্তি ওম অনেক বেশি আদরণীয়। স্বদেশ, গুজারিশ, খামোশি পাতে নেওয়ারও প্রয়োজন মনে করে না বলিউডের বিপুল দর্শকগোষ্ঠী। এ তালিকায় সর্বশেষ সংযোজন খেলে হাম জি জান সে। অস্কার মনোনয়ন পাওয়া লগান-এর পরিচালক, স্বদেশ, যোধা-আকবর-এর প্রশংসিত, পুরস্কৃত নির্মাতা আশুতোষ গোয়াড়িকরের এই নতুন ছবি মুক্তির আগে অবশ্য দর্শক-প্রদর্শকদের আগ্রহ ছিল শূন্যের কোঠায়। গত বছর আশুতোষের ডাহা ফ্লপ হোয়াটজ ইয়োর রাশি ছবিই সব সর্বনাশের মূল। সঙ্গে যোগ হয়েছে ‘অমাবস্যার অন্ধকার’ অভিষেক বচ্চন। বহুল প্রত্যাশিত মনি রত্নমের রাবণ মুক্তির পর অভিষেকের ক্যারিয়ার তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই নায়ক কিনা খেলে হাম জি জান সের প্রধান চরিত্র! সুতরাং চোখ বুজেই সবাই অঙ্ক কষেছিল, মৃত্যু অনিবার্য। আশুতোষের ছবি আবারও ফ্লপ! এটা ঠিক, খেলে হাম জি জান সে সব ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ করে বহাল তবিয়তে ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। তবে এটাও ঠিক, যাঁরাই ছবিটি দেখেছেন, তাঁরা ভূয়সী প্রশংসা করছেন। সমস্বরে রায় জানাচ্ছেন, এ বছরের অন্যতম শ্রেষ্ঠ ছবি খেলে হাম জি জান সে। হূতিক রোশন তো কয়েক ধাপ এগিয়ে অভিষেককে আকাশে তুলে বলেছেন, ‘অভিষেক একাই ছবিটিকে কাঁধে তুলে নিয়েছেন। সুতরাং আগামী বছর সব পুরস্কার অভিষেকেরই প্রাপ্য।’ পুরস্কার কে পাবে সময়ই বলবে, তবে দীর্ঘদিন পর অভিনেতা অভিষেক যে সমালোচকদের প্রশংসাধন্য হচ্ছেন, এটাই তাঁর জন্য অনেক বড় প্রাপ্তি।চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্যসেনকে নিয়ে আশুতোষ গোয়াড়িকরের ছবি খেলে হাম জি জান সে। ছবির প্লট সম্পর্কে তিনি বলেন, ‘চট্টগ্রাম অস্ত্রাগার থেকে জালালাবাদের যুদ্ধে মাস্টারদা সূর্যসেন ও তাঁর নির্ভীক যোদ্ধাদের আত্মত্যাগের কাহিনি নিয়েই আমার এই ছবি।’ ১৯৩০ সালে ব্রিটিশরা ছিল ভারতীয় উপমহাদেশের শাসনকর্তা। তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন চট্টগ্রামের কিছু মানুষ। সংখ্যায় তাঁরা ছিলেন ৬৪ জন। তাঁদের আন্দোলনে পুরো ভারতবর্ষ সাড়া ফেলে দেয়। বাংলায় সশস্ত্র সংগ্রাম তাঁদের মাধ্যমে শুরু হয়। এই দলে ছিলেন ৫৬ জন যুবক, পাঁচজন বিপ্লবী আর দুজন নারী। দেশকে মুক্ত করার এই সংগ্রামে নেতৃত্ব দেন আদর্শবান শিক্ষক মাস্টারদা সূর্যসেন। অন্যদিকে সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের সঙ্গে কাজ করেছেন বিপ্লবী কল্পনা দত্ত। ১৯৩১ সালে মাত্র ১৭ বছর বয়সে সূর্যসেনের নেতৃত্বাধীন ‘ভারতীয় বিপ্লবী সেনাবাহিনী: চট্টগ্রাম’ শাখায় যোগ দেন কল্পনা দত্ত। আর এই সূর্যসেন-কল্পনা দত্তের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন-দীপিকা পাড়ুকোন। প্রথমবারের মতো কোনো ছবিতে জুটি বেঁধে কাজ করলেন দুজন। দীপিকার ভাষায়, ‘বলিউডে কাজ করার আগে থেকেই স্বপ্ন দেখেছি অভিষেক বচ্চনের বিপরীতে কাজ করার। অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে।’কল্পনা দত্তের পুত্রবধূ সাংবাদিক মানিনী চট্টোপাধ্যায়ের লেখা ডু অর ডাই অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রের প্রয়োজনে এতটুকু কল্পনার আশ্রয় নেননি আশুতোষ, আর এটাই তাঁর বড় সাফল্য, বলেছেন জয়া বচ্চন। ছেলে অভিষেক যখন আশুতোষকে এ ছবির প্রস্তাব ফিরিয়ে দেন, তখন জয়াই অভিষেককে বুঝিয়েছিলেন। অভিষেক বলেন, ‘আশুর সঙ্গে বরাবরই কাজ করতে চাইতাম। এমনকি আমার প্রথম ছবিও তাঁরই পরিচালনা করার কথা ছিল। শুনলে সবাই আমাকে পেটাতে আসেন, লগান-এর স্ক্রিপ্টও আশু সবার আগে আমাকে দিয়েছিলেন। তবে প্রতিটি ছবিরই একটি গন্তব্য থাকে। খেলে হাম জি জান সে ফিরিয়ে দেওয়ার পর শাহরুখ-রানী এমনকি অসিনও ছবিটি ফিরিয়ে দেন। হয়তো আমার ও দীপিকার ভাগ্যেই ছবিটি লেখা ছিল। অনেকে এও জানেন না, অসিন ফিরিয়ে দেওয়ার পর আমার মিসেসই (ঐশ্বরিয়া) আশুকে প্রস্তাব দিয়েছিলেন দীপিকাকে নেওয়ার জন্য।’আশুতোষ শুরুতে চেয়েছিলেন বাংলাদেশেই ছবির শুটিং করতে। তবে ১৯৩০ সালের চট্টগ্রাম এবং ২০১০ সালের চট্টগ্রামের মধ্যে তো আকাশ-পাতাল ফারাক। তাই গোয়াতেই চট্টগ্রামের আবহ তৈরি করে কাজ করেন। যদিও ১৯৩০ সালের গ্রামের চিত্র ফুটিয়ে তোলার জন্য আশুতোষ তাঁর দল নিয়ে কলকাতার গ্রাম, এমনকি বাংলাদেশেও ভ্রমণ করে গিয়েছেন। আবহসংগীতের জন্য স্টিফেন গোমেজকে সঙ্গে নিয়ে বাংলাদেশের গ্রামের নানা রকম শব্দ (পাখি, বাঁশি, ফোক গান ইত্যাদি) ধারণ করে নিয়ে গেছেন। তবে সে আমলের গাড়ি, বন্দুক ও পোশাক খুঁজে পেতে ঘাম ঝরে গিয়েছিল পুরো ইউনিটের। এমনকি সূর্যসেনেরও তেমন কোনো ছবি পাননি আশুতোষের দল। যা দু-একটি পেয়েছিলেন, তাও সূর্যসেন গ্রেপ্তারের পর। অভিষেক ছবিতে স্বচ্ছন্দেই ধুতি পরেছেন। দীপিকা পরেছেন বাঙালি শাড়ি। অভিষেক বলেন, ‘আমি কিন্তু অর্ধেক বাঙালি। তার পরও স্বীকার করছি, সূর্যসেন সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমার মনে হয়, ভারতের পাঠ্যপুস্তক থেকে ইতিহাসের পাতায় পাতায় চন্দ্রশেখর আজাদ, ভগত সিংদের মতো সূর্যসেনের নামও শ্রদ্ধাভরে স্মরণ করা উচিত। এটা ঠিক, বাঙালিরা বিশেষ করে বাংলাদেশের দর্শকেরা সূর্যসেনকে অনুভব করবে। কারণ চট্টগ্রাম এখন বাংলাদেশের অংশ। তবে এটাও ঠিক, খেলে হাম জি জান সে শুধু ভারতীয়দের গল্প নয়, এখানে এসেছে সমগ্র উপমহাদেশের চিত্র। কারণ এটা যে সময়ের গল্প, তখন তো পাকিস্তান, বাংলাদেশ এমনকি ভারতের মধ্যে কোনো ভাগ ছিল না। সত্যি বলতে কি, আমি নিজেও এসব ইতিহাস সম্পর্কে অজ্ঞাত ছিলাম।’পরিচালক আশুতোষ গোয়াড়িকর শুটিং শুরুর আগে প্রায় দুই মাস মহড়া করেছেন। এমনকি শুটিংয়ের ফাঁকে ইউনিটে সব সময়ই বন্দে মাতারাম গান বাজিয়ে ১৯৩০ সালের আবহ তৈরি করে রাখতেন। ছবির সেটে মুঠোফোন, ল্যাপটপ ব্যবহার ছিল নিষিদ্ধ। তিনি বলেন, ‘হিন্দি সিনেমা একটি শক্তিশালী মাধ্যম। এর আগে দেখেছি, দেবদাস, পরিণীতা এ রকম আরও অনেক বাঙালির সৃষ্টি সঠিক বিপণনের মাধ্যমে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। সে বিবেচনায় সূর্যসেনের অবদানের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার তাগিদ অনুভব করেছি। দেশভাগের পর চট্টগ্রাম আলাদা হয়ে গেল, সঙ্গে যেন সেখানকার ইতিহাসও ভারত থেকে বিদায় নিল। এ কারণে নতুন প্রজন্মের অনেকেই জানেন না তাঁর অবদানের কথা। সেই তাড়না থেকেই ছবিটি নির্মাণ করেছি। এমনকি খুব শিগগিরই তামিল, তেলেগু ও বাংলা ভাষায় ডাবিং করে ছবিটি মুক্তি দেব।’ অবাঙালি হয়েও বাঙালি দেশপ্রেমিকের জন্য আশুতোষের এই দায়িত্ববোধের জন্য আশুতোষ প্রশংসা পেতেই পারেন।  রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট