সৃজন পাগলামির মাঝে

আরে! শিল্পকলাজুড়ে এত স্টল কেন? কেনই বা নানা নাট্যদলের সদস্যদের ভিড় সেখানে? মূল ফটক দিয়ে ঢুকছি যখন, দেখি ড্রামের ওপর ড্রাম রেখে তৈরি হয়েছে তোরণ। ড্রামের গায়ে নাটকের সংলাপ লেখা। আবার কোনো কোনো ড্রামে চাপা পড়ে থেঁতলে আছে মানুষের দেহাবশেষ। সেই ড্রামগুলোর গায়ে স্লোগান। তাতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। একদিকে নাটকের কথা, অন্যদিকে সমকালীন সংকটের চিত্র—দুইয়ের মধ্যে চমৎকার এক সমন্বয় ।
২৭ সেপ্টেম্বর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে তখন এস এম সোলায়মানের ষাটতম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। যাকে নিয়ে এই আয়োজন তাঁর কথা বলি। এস এম সোলায়মান একাধারে একজন নাট্যকার, নির্দেশক, অভিনেতা, গায়ক ও সংগীতকার। জন্মগ্রহণ করেন ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর। অসাধারণ ব্যঙ্গরসে তিনি একদিকে যেমন এঁকেছেন সমকালীন সংকটের জাঁতাকলে পিষ্ট সমাজের ছবি, অন্যদিকে চিরায়ত বাংলার অমূল্য লোকজ ধারাকে পুনর্জীবন দিয়েছেন তাঁর নাটকে। আর তাই তো তাঁকে নিয়ে এই আয়োজন। রঙ্গ আর ব্যঙ্গরসে ভরা এই আয়োজনের নাম তাই দেওয়া হয়েছে ‘রঙ্গমাতন সোলায়মান মেলা’।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের ভেতর ও বাইরের পুরো আঙিনায় বসেছে এই মেলা। নাট্যদলগুলো নাটকের পসরা সাজিয়ে বসেছে নিজ নিজ স্টলে। এবার মেলায় অংশগ্রহণ করেছে নয়টি নাট্যদল। তাদের পরিবেশনায় ছিল ভিন্ন মাত্রা। নিজেদের বিভিন্ন প্রযোজনার সঙ্গে গেঁথে নিয়েছে সমকালীন সংকটের নানা চিত্র। এই দুইয়ের সমন্বয়ে তৈরি করেছে চমৎকার সব নাট্য কোলাজ।
থেমে থেমে চলছে কোলাজ প্রদর্শনী। একসঙ্গে একই সময়ে শুরু হচ্ছে তিন-চারটি দলের পরিবেশনা। ‘কোনটা ছেড়ে কোনটা দেখব। সবগুলো পরিবেশনাই তো লোভনীয়’, বলছিলেন নাট্যামোদী দর্শকেরা। ‘সোলায়মানকে তরুণ নাট্যকর্মীরা দেখে তারুণ্যের প্রতীক হিসেবে। নাটক নিয়ে নাট্যকর্মীদের যে উচ্ছ্বাস তারও প্রতীক সে।’—বললেন মামুনুর রশীদ।
‘আগে যে মেলাগুলো হয়েছিল তার তুলনায় এবারের মেলা অনেক সংকুচিত। কিন্তু বৈচিত্র্য আছে অনেক’—বললেন আতাউর রহমান।সন্ধ্যার পর পরই শুরু হলো জাতীয় নাট্যশালার ভেতরের আয়োজন। সন্ধ্যা সাতটায় ছিল আলোচনা অনুষ্ঠান। বিষয়: ‘নাট্যকর্মীদের জিজ্ঞাসায় এস এম সোলায়মান’। অংশ নেন তারিক আনাম ও মান্নান হীরা।
‘বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার ও সাম্প্রদায়িক মৌলবাদ: নাট্যকর্মীর দায়বদ্ধতা’ শীর্ষক বৈঠক শুরু হয় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। হাসান শাহরিয়ারের সঞ্চালনায় এই বৈঠকে আলোচনা করেন মফিদুল হক। মণিপুরী থিয়েটারকে দেওয়া হয়েছে থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা’। সবশেষে পরিবেশিত হয় এস এম সোলায়মানের রচনা ও সুরে গীতিনাট্য জনম দুঃখী মা। নির্দেশক মেলার আহ্বায়ক মোহাম্মদ বারী।
‘এস এম সোলায়মানের সমস্ত কর্মের মধ্যে ছিল একধরনের সৃজন পাগলামি ও খ্যাপামি। সব প্রতিকূল পরিবেশ ও সংকটের বিরুদ্ধে ছিল তাঁর সৃজনশীল অবস্থান। আমরা আশা করছি এই মেলার মধ্য দিয়ে তাঁর চেতনা তারুণ্যের মধ্যে ছড়িয়ে পড়বে।’—বললেন মোহাম্মদ বারী।