সৃজনশীল তারুণ্যের নাট্যপ্রকাশ
‘সন্ধ্যায় ক্যাম্পাসে আড্ডা না মেরে চলে এলাম নাটমণ্ডলে। বন্ধুদের পরিবেশনায় নাটক দেখতে। এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা। ভালোই লেগেছে।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল হাওলাদার। ৭ মার্চ সোমবার তিনি এসেছিলেন নাটমণ্ডলে আয়োজিত ‘সৃজনশীল তারুণ্যের নাট্যপ্রকাশ’ নাট্যোৎসবে নাটক দেখতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে ১ মার্চ থেকে ১৫ দিনের এই উৎসব শুরু হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছনের নাটমণ্ডল এলাকাটিকে এমনিতে আলাদা করা যায়। তার ওপর চলতি উৎসবকে কেন্দ্র করে সেজেছে নতুন করে। নানা রকমের ব্যানার-ফেস্টুন চোখে পড়বে মূল প্রবেশপথেই। ১৫টি নাটকের তালিকা দেওয়া সেখানে। সঙ্গে নাট্যকার ও নির্দেশকের নাম। নাটমণ্ডলে যে রাস্তাটি গেছে, সেদিকে মোড় নিলে মুগ্ধ না হয়ে উপায় নেই। রিকশার হুডের মতো পাশাপাশি দুটি বুথ। ওপরে লেখা ‘টিকিট ঘর’। দুটি বুথে দুজন শিক্ষার্থী টিকিট বিক্রিতে ব্যস্ত। প্রতিদিন সন্ধ্যায় এখানে দর্শকের ভিড় দেখা গেছে। ৫০ ও ১০০ টাকার টিকিট কেটে অনেকেই ভেতরে প্রবেশ করেছেন নাটক দেখার আশায়। নাটমণ্ডলের সামনে দারুণ সাজ। বিভিন্ন নাটকের দৃশ্যসংবলিত ব্যানার। নানা অনুষঙ্গে সাজানো হয়েছে পুরো এলাকাটি।প্রতিদিন দুটি নাটক দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। এ উৎসবের ২৫টি নাটকের স্নাতক সমাপনী বর্ষের শিক্ষার্থীরা নির্দেশনা দিয়েছেন। আর অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা মিলে কেউ আলোক প্রক্ষেপণ, কেউ মঞ্চ ব্যবস্থাপনা, কেউ বা অভিনয় করেছেন। মিলনায়তনে নাটক দেখতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি ছিলেন অংশগ্রহণকারীদের অভিভাবকেরা। বিভাগের শিক্ষার্থী মাহফুজ রহমান জানালেন, বেশ কিছু প্রদর্শনীতে তিল পরিমাণ জায়গা ছিল না মিলনায়তনে। অনেকে দাঁড়িয়ে উপভোগ করেছেন নাটক।উৎসব সম্পর্কে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রহমত আলী বলেন, প্রাচ্য-পাশ্চাত্যের নাট্যের যোগসূত্রে সৃষ্ট শিল্পরস আস্বাদন করার সুযোগ করে দিচ্ছে এ উৎসবের নাটকগুলো। বিশ্বব্যাপী আন্তসাংস্কৃতিক বলয় নির্মাণে এ উৎসবের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, নাট্যকলা বিভাগ তারুণ্যের স্পর্ধিত সৃজনশীলতার শক্তিকে সম্বল করে বিপুলতার বৈভব নির্মাণের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করে। উৎসবে ইতিমধ্যে মঞ্চস্থ হয়েছে আতিকুল ইসলামের নির্দেশনায় উজানে মৃত্যু, সুলতানা ইয়াসমিনের যুক্তিহীন যুগ, বীথিকা ইয়াসমিনের একটি ভীষণ খেলা, মাহফুজ রহমানের কিছু ঘাস শুকিয়ে যায়, মোসাম্মৎ মমতাজের বিভ্রান্তিকর, ইসরাত কবিরের পদধ্বনি, জানিবুল হকের হিজ লাক, নাদিয়া আফরিনের ফ্রেমে বাঁধা লুক্রেজিয়া, মোস্তফা আমীনের স্যাডো অন দ্য বিচ, নাজিয়া বেনজীরের দ্য অডিশন, নাসরিন ইসলামের এ ম্যাটার অব হাজবেন্ডস, সাজিয়া আফরোজের আলেকজান্ডারের ঘোড়া, সানজিদা রহমানের অ্যা ম্যারেজ প্রপোজাল, মোশাররফ হোসেনের মুখোশ, নাসিরুল ইসলামের ডেথ নকস্, তানভীর রশীদের আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা এবং ভূদেব চন্দ্র মণ্ডলের দুর্ঘটনা। আজ বৃহস্পতিবার মঞ্চস্থ হবে নীলা সাহার নির্দেশনায় লিজেন্ড ও সাইফুজ্জামানের কল অব দ্য রেভল্যুশন। ১৫ মার্চ শেষ হবে উৎসব।