সৃজনে ও শেকড়ে নবীন-প্রবীণের যোগসূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটি ১৯৪৯ সালে আঁকা। জলরঙে। কারখানায় ব্যস্ত দুই ছুতার। তৃতীয় যেজন, তিনি গভীর মনোযোগ দিয়ে দেখছেন সেই দৃশ্য। বিশিষ্ট শিল্পী আমিনুল ইসলামের তরুণ বয়সে আঁকা এই ছবি গভীর আগ্রহ নিয়ে দেখছিলেন দর্শকেরা। ধানমন্ডির বেঙ্গল গ্যালারির দেয়ালে এ ছবির পাশাপাশি সাজানো হয়েছে সমকালীন নবীন শিল্পীদের বিভিন্ন মাধ্যমের চিত্রকর্ম। সব মিলিয়ে নবীন-প্রবীণের অংশগ্রহণে এক অনবদ্য প্রদর্শনী।বেঙ্গল গ্যালারির ১০ বছর পূর্তি উপলক্ষে গত বছরের এপ্রিল মাসে ‘সৃজনে ও শেকড়ে’ শীর্ষক একটি ধারাবাহিক প্রদর্শনী শুরু হয়েছিল। এ পর্যায়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘সৃজনে ও শেকড়ে-১০’ শীর্ষক ধারাবাহিক আয়োজনের শেষ প্রদর্শনী। গতকাল সোমবার দুপুরে আমন্ত্রিত অতিথি ও শিল্পীদের অংশগ্রহণে প্রাক-প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, আজ বিকেলে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।এবারের প্রদর্শনীতে অংশ নেওয়া প্রবীণতম শিল্পী আমিনুল ইসলামের জন্মসাল ১৯৩১। এর পরই আছেন ৭০ দশকের বিভিন্ন সময়ের ছয়জন শিল্পী। অন্যদিকে নবীন যে শিল্পীর কাজ স্থান পেয়েছে, সেই এম এম মাইজুদ্দিনের জন্ম ১৯৮২ সালে। কয়েক প্রজন্মের শিল্পীর অংশগ্রহণের ফলে প্রদর্শনী হয়ে উঠেছে বৈচিত্র্যময়।শিল্পী আমিনুল ইসলামের ছবিগুলো পুরোনো। ১৯৫০-এর দশকে আঁকা তেলরং, লিথোগ্রাফ ও জলরঙে ছবিগুলোতে মানুষের দেহাবয়ব প্রাধান্য পেয়েছে। ২০০৫ সালে অ্যাক্রেলিকে আঁকা ‘ল্যান্ডস্কেপ’ ছবিতে ফুটে উঠেছে বাংলার নিসর্গ। অন্যদিকে নবীন প্রজন্মের শিল্পীদের সৃষ্টিতে সৃজন-উৎকর্ষ ও জীবনের নানা অনুষঙ্গ ধরা পড়েছে। তাঁদের সৃষ্টি বৈচিত্র্যময়, মনোগ্রাহী ও উজ্জ্বলতা অর্জন করেছে বিষয়ের গুণে ও রঙের ব্যবহারে। তাঁদের সৃষ্টিতে যেমন প্রতিবাদ আছে, তেমনই প্রথা ভাঙার সাহস আছে।গতকাল অনুষ্ঠানে উপস্থিত বরেণ্য শিল্পী শহীদ কবির নবীন শিল্পীদের কাজের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের চিত্রকলাকে বিষয় ও আঙ্গিকে সমৃদ্ধ করার জন্য এই শিল্পীদের চেষ্টা আছে। রূপারোপ নির্মাণ, কখনো বাস্তব কোনো বিষয়কে ক্যানভাসে উপস্থাপনায় তাঁদের নিরলস প্রয়াসে যে আন্তরিকতা পরস্ফুিট হয়েছে তা থেকে সহজেই উপলব্ধি করা যায়, তাঁদের অঙ্গীকারের মনোভঙ্গি।’ এ সময় আরও বক্তব্য দেন শিল্পী এ এস এম মুস্তাফা জামিল আকবর, কাজী সাঈদ আহমেদ, সুলেখা চৌধুরী, সৈয়দ জাহিদ ইকবাল, সহিদ কাজী, বিশ্বজিৎ গোস্বামী, এম এম ময়েজউদ্দীন এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী। আজ সন্ধ্যায় ১০ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত ও শিল্পসমালোচক জর্জিও গুইলিয়েলমিনো এবং ইতিহাসবিদ মুনতাসীর মামুন। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৪০। প্রদর্শনী চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।কাল থেকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবআগামীকাল বুধবার শুরু হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা অনুষ্ঠান। পদাতিক নাট্য সংসদ দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করছে। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।সংগঠনের আজীবন সভাপতি ভাষাসৈনিক সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাত দিনের এ উৎসবে দেশের ১১টি ও ভারতের দুটি নাট্যদল অংশ নেবে। স্মারক সম্মাননা দেওয়া হবে নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার ও ম. হামিদকে। গতকাল সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে পদাতিক নাট্য সংসদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এতে জানানো হয়, প্রতিদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হলে একই সময়ে দুটি নাটক মঞ্চস্থ হবে। নাটক শুরুর আগে নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।‘শিশুরাই সুন্দর’ প্রদর্শনী শেষ আজ ধানমন্ডির দৃক গ্যালারির গতকালের বিকেল ছিল অন্যরকম। সিঁড়ি বেয়ে ঢুকতেই শোনা গেল শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসের ধ্বনি। দোতলার গ্যালারি কক্ষে তাদের প্রাণবন্ত আনাগোনা। সঙ্গে আসা অভিভাবকদের তারা মহা উৎসাহে দেখিয়ে দিচ্ছিল ‘ওই যে, ওটা আমার ছবি’। গ্যালারি আলোকিত হয়ে আছে খুদে আঁকিয়েদের ৮০টি ছবিতে। শিল্পী আবু সেলিম আয়োজিত খুদে আঁকিয়েদের ‘শিশুরাই সুন্দর’ শীর্ষক এই প্রদর্শনীর শেষ দিন আজ মঙ্গলবার।১ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীর চতুর্থ দিনের বিকেলে বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতি ছিল। বেশির ভাগ ছবিরই উপজীব্য বাংলাদেশের গ্রাম। বটগাছের নিচে গ্রাম্য মেলা, ধান বোনা, অবারিত সবুজ মাঠ কিংবা গরু বাঁধা বাড়ির আঙিনা—প্রভৃতি দৃশ্য ফুটে উঠেছে ছবিতে। কংক্রিটের এই রাজধানীতে বসবাস করে শিশুরা যে গ্রাম কেবল বড়দের গল্পে কিংবা টেলিভিশনে দেখে, ওই গ্রামই তারা ফুটিয়ে তুলেছে রং-পেন্সিলে।অস্ট্রেলিয়ান আদিবাসী শিল্পকর্মঢাকার অস্ট্রেলীয় দূতাবাস ও গ্যালারি কসমসের যৌথ উদ্যোগে অস্ট্রেলীয় আদিবাসী শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী চলছে মালিবাগের গ্যালারি কসমসে। ‘বালগো: অস্ট্রেলিয়ার সমকালীন চিত্রকলা’ শীর্ষক এ প্রদর্শনীতে অস্ট্রেলিয়ার বালগো পার্বত্য অঞ্চলের সমসাময়িক অস্ট্রেলীয় চিত্রকলা স্থান পেয়েছে। ১৮ জন শিল্পীর ২৬টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।