সৃজনের শততম গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমারে লেগেছে এত যে ভালো ’ রাজধানীর বুকে সিনেমার এই গানটি পঞ্চাশের দশকের শ্রোতাদের মন কেড়ে নিয়েছিল। ১৯৮৪ সালে এই গানটিই নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান শিল্পী তিমির নন্দী। দীর্ঘ ২৬ বছর পর গাইতে এসে শিল্পী খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, কেমন লাগবে গানটি এখনকার শ্রেতার কাছে এই নিয়ে। কিন্তু গানটির আবেদন যে এখনো কমেনি তার প্রমান মিলল শুরুর পরের। শ্রোতারা ফিরেগেলেন হারানো দিনের সোনালী স্মৃতির কাছে। গান থামলে কলতালিতে মুখর হলো মিলনায়তন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ছিল সৃজন আয়োজিত ‘ফেলে আসা দিনের বাংলা গানে’র ছিল শততম আসর। আসরে শুধু তিমির নন্দী নন, অন্য শিল্পীরাও পুরোনো দিনের গান গেয়ে শ্রোতাদের মন জয় করেন। নতুন প্রজন্মের শ্রেতাদের তাঁরা সুরমুচ্ছনার সঙ্গে নিয়ে যান স্মৃতিমেদুর হারানো অতীতে। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান শুরুর আগে দর্শক উপস্থিতি ছিল খুবই কম। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই মিলনায়তনের সবগুলো চেয়ার ভরে যায়। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, জাতীয় জীবনে সংগীতের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গানই জুগিয়েছে সাহস ও মানবিক শক্তি। তিনি হারানো দিনের গানকে বাঁচিয়ে রাখার জন্য সৃজনকে ধন্যবাদ দেন ও সরকারি সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানের সভাপতি গীতিকার কে জি মোস্তফা বলেন, পুরোনো দিনের গানে যে প্রশান্তি ছিল তা হারিয়ে গেছে। এখন গান মানেই উদ্দমতা ও চিৎকার। বিশ্বায়নের যুগে গান হয়ে গেছে জীবিকা। তবে হতাশ হওয়ার কিছু নেই। শ্রোতারা এখন পুরোনো দিনের গানে কান পাততে শুরু করেছে। অনুষ্ঠানে অতিথি শিল্পী সুবীর নন্দী, রুমানা ইসলাম, জান্নাত-ই ফেরদৌসী, অনিমা রায়, সোহেল রশীদ, রেজাউল করিমসহ অন্য শিল্পীরা গান গেয়ে শোনান। গান শুনে একেক শ্রোতা মনের গভীর থেকে তৃপ্তিতে ‘আহা’ ‘সে কী গান’ এমন মন্তব্য করছিলেন। কোনো কোনো শ্রোতা উঠি উঠি করেও উঠতে পারছিলেন না। না গিয়ে যাঁদের উপায় নেই তাঁরা বাইরে বের হয়ে কিছুক্ষণ আগে শোনা গানটি নিজের মনেই গেয়ে উঠছিলেন। ‘এ কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’ ‘হারয়ে আমার মন মাতানো দেশ’ বা ‘ পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে’ গানগুলো শ্রোতাদের মনে গেঁথে যায়। আজ শনিবার বিকেল পাঁচটায় একই জায়গায় আবার বসবে আসর।