দ্বিধাকথা: মারজুক রাসেলসুর ও সংগীতায়োজন: হাবিবকণ্ঠ: হাবিব ও ন্যান্সিমারজুক রাসেল: ‘দ্বিধা’ গানটি লেখা হয়েছিল ব্যাচেলর ছবির শুটিং করার সময়। তখন ‘বাহির বলে দূরে থাকুক/ ভেতর বলে আসুক না’ শুধু এই লাইন দুটো মাথায় ঘুরছিল। এর কয়েক বছর পর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির প্রি-প্রডাকশনের কাজ যখন করছি, তখন একদিন লাইন দুটি মোস্তফা সরয়ার ফারুকীকে শোনাই। তিনি দ্রুত গানটি শেষ করতে বললেন। শেষ করে ফেললাম। গানটিতে আমি নাগরিক জীবনের চাওয়া-পাওয়া, হিসাব না মেলা, মানসিক দ্বন্দ্ব—এগুলো তুলে ধরতে চেয়েছি।হাবিব: ফারুকী ভাই আমাকে দ্বিধা গানটির কথাগুলো দিলেন। পড়ামাত্রই আমার মনে হয়েছিল, গানটি অন্য রকম একটা কিছু হতে যাচ্ছে। কথাগুলো একেবারেই অন্য রকম। অবশ্য এ কারণে আমাকে সুন্দর একটা সুর দিতে হবে। গানটির সুর করে ভয়ে ভয়ে ফারুকী ভাইকে ফোন দিয়ে জানালাম। ফারুকী ভাই এসে শুনলেন। শুনে তো তিনি ভীষণ উচ্ছ্বসিত। গানটি সবার কাছে ভালো লেগেছে, এটাই বড় পাওয়া।আমি তোমার মনের ভেতরকথা: সোহেল আরমানসুর ও সংগীতায়োজন: হাবিবকণ্ঠ: হাবিব ও ন্যান্সিসোহেল আরমান: হাবিবকে দিয়ে আমার ছবির একটা গান করার ইচ্ছে নিয়ে একদিন হাবিবের স্টুডিওতে গেলাম। সেখানে বসে ছবির গল্প শোনাতে শোনতে আবেগতাড়িত হয়ে হঠাৎ কেঁদে ফেললাম। ও তখন উঠে এসে আমাকে জড়িয়ে ধরল। আর বলল, ‘সোহেল ভাই, একটা নয়, আপনার ছবির সব কটি গান আমিই করব।’ এ তো পুরো মেঘ না চাইতেই বৃষ্টি। এরপর আমি গান লিখতে বসলাম। চার মাস হয়ে গেল, কিন্তু একটা গানও লিখতে পারছি না। মুক্তিযুদ্ধের ছবি হওয়ায় ছবিতে একটিই রোমান্টিক গান হবে। এক রাতে বসলাম। সারা রাত শুধু একের পর এক কাগজ নষ্ট হলো, কিন্তু একটাও চরণ পছন্দ হলো না। ভোর রাতে ঘুমাতে গেলাম। সকালে নাশতার টেবিলে আম্মু বললেন, ‘কাল যে গানগুলো লিখেছ, তার মধ্যে “আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই” কথাটা খুব ভালো। এত সহজ করে সবার মনের কথা বলে দিয়েছ। এটাই তুমি হাবিবকে দিতে পার।’ মায়ের কথামতোই গানটি হাবিবকে দিয়ে এলাম। এক মাস পর হাবিব আমাকে জানাল, গানটা হয়েছে। আমার ছবির পুরো ইউনিট গানটি শুনে হতবাক।হাবিব: একদিন সোহেল ভাই কাঁচুমাচু করে এসে এ গানটি দিলেন। গানটি পড়েই আমার খুব ভালো লাগল। সবচেয়ে ভালো লাগল ‘এই হূদয়ে জ্বলেছে এক জাদুর মোমবাতি’ লাইনটি। মারাত্মক লিখেছে। যেহেতু সময়টা একাত্তর। তাই চেয়েছিলাম এমন একটা গান করতে, যেখানে সত্তরের দশকের স্বাদ পাওয়া যায়, আবার ২০১১ সালের আধুনিকতাও থাকে। চাই না মেয়ে তুমিকথা: আহমেদ রিজভীসুর ও সংগীতায়োজন: হূদয় খানহূদয় খান: তখন হূদয় মিক্স-এর প্রায় শেষের দিকে। নতুনদের নিয়ে কাজ করছি। আমি নিজেও নতুন। নিজের গান গাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। একদিন উপস্থাপক আনজাম মাসুদের ফোন এল। তিনি বললেন, তাঁর আজ কাল পরশু ম্যাগাজিন অনুষ্ঠানে যেন একটা গান গাই। তখন আমার কোনো গাওয়া গান ছিল না, কিন্তু তাঁর জোরাজুরিতে সিদ্ধান্ত নিলাম, তাঁর অনুষ্ঠানে গান গাইব। একদিন সন্ধ্যায় স্টুডিওতে বসে টুকটাক কাজ করতে করতে হঠাৎ এই গানটির সুর মাথায় আসে। ঘণ্টা দুয়েক খেটে সুরের একটা কাঠামো করে ফেলি। গীতিকার আহমেদ রিজভী আমার স্টুডিওতে আসেন। তাঁকে বললাম এই সুরের ওপর একটা গান লিখে দিতে। তিনি সুরের ওপর গানটি লিখে ফেললেন। এভাবেই গানটির জন্ম। এরপর তো হূদয় মিক্স অ্যালবামে গানটি দিলাম।আহমেদ রিজভী: একদিন উপস্থাপক আনজাম মাসুদ আমাকে ফোনে বললেন, একটি গান লিখতে হবে। একটু হূদয়ের স্টুডিওতে আসতে। আমি গেলাম। হূদয় আমাকে একটি সুর শোনাল। তারপর বসে গেলাম গানটি লিখতে। মনে আছে, ‘চাই না মেয়ে’ গানটি লেখা যখন শেষ হলো, তখন ঘড়ির কাঁটা রাত চারটায় গিয়ে থেমেছে। এরপর হূদয় গানটি গাইল। বাকিটা সবার জানা। গানটি এখন তুমুল শ্রোতাপ্রিয়।সোনার পালঙ্ককথা ও সুর: কৃষ্ণকলিসংগীতায়োজন: অর্ণবকণ্ঠ: চন্দনা মজুমদার ও কৃষ্ণকলিচন্দনা মজুমদার: এই গানটির পেছনের গল্পটা অনেক মজার। একদিন গিয়াসউদ্দিন সেলিম আমাকে বললেন, একটা গান গাইতে হবে। আমি জানতাম না যে গানটি চলচ্চিত্রের। ভেবেছিলাম, কোনো টিভি অনুষ্ঠানের গান হবে হয়তো। গানটি পুরোটা গেয়ে এলাম। পরে দেখি, রাস্তাঘাটে সবখানে গানটি বাজছে। মোবাইলের রিং টোনেও কেউ কেউ ব্যবহার করতে লাগল। গানটি অনেক ভালো হয়েছে। আমি তো অবাক। আমার জানামতে, আমি চলচ্চিত্রে গান গাইনি। পরে দেখলাম, এটাই সে গান। তখন খুব ভালো লেগেছে।কৃষ্ণকলি: বাংলাদেশের লোকগানগুলোর সংস্পর্শে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করি প্রতি মুহূর্তে। সে রকম কিছু গান থেকেই এ গানটির অনুপ্রেরণা আসে। বিচ্ছিন্নভাবে কিছু শব্দ, আর লোকগান শুনে আমার উপলব্ধি, অনুভূতি—সব মিলিয়ে ‘সোনার পালঙ্ক’ গানটি লেখা ও সুর করা। গানটি এ রকম জনপ্রিয় হওয়ায় ভালো লাগছে। তবে শুধু এই গানটিকে পছন্দে আটকে না রেখে বাংলাদেশের লোকগানের প্রতি সবার আরও যত্নবান হওয়া উচিত।নিথুয়া পাথারেকথা ও সুর: সংগ্রহসংগীতায়োজন: অর্ণবকণ্ঠ: ফজলুর রহমান বাবুগিয়াসউদ্দিন সেলিম: গানটি কার লেখা বা সুর করা, তা জানি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমরা বন্ধুরা দলবেঁধে গলা ছেড়ে গানটি গাইতাম। বছরের পর বছর গাইতে গাইতে গানটি একেবারে আমার সঙ্গে মিশে গিয়েছিল। আমার আশপাশের বন্ধুবান্ধব মোটামুটি সবাই গানটি বহুবার শুনেছে। সেখান থেকেই গানটি ব্যবহার করা।ফজলুর রহমান বাবু: নাটকের শুটিংয়ের ফাঁকে সেলিম মাঝেমধ্যেই ‘নিথুয়া পাথারে’ গানটি গাইত। আমরাও গলা মেলাতাম। মনপুরা করার সময় ছবিতে গানটি ব্যবহার করার সিদ্ধান্ত নিল সেলিম। মনে আছে, বেঙ্গল স্টুডিওতে গিয়ে আড্ডা মারতে মারতে গানটি রেকর্ড করেছিলাম। চঞ্চল ও কৃষ্ণকলিও কণ্ঠ দিল। পরে আমার গানটি ছবিতে ব্যবহার করা হয়েছিল। গানটি কতটা সুরে গেয়েছি জানি না, তবে বড় কথা হলো, অনুভব করে গেয়েছি। মন থেকে গেয়েছি।তথ্য উপস্থাপন: পার্থ সরকার