এক বিন্দু ভালোবাসা দাও এবং কী জাদু করেছ বলো না—এই সময়ে বাণিজ্যিক ছবির শ্রোতাপ্রিয় দুটি গান। কাকতালীয়ভাবে দুটি গানেরই শিল্পী এন্ড্রু কিশোর, কনকচাঁপা এবং সুরকার হলেন আলী আকরাম শুভ। গান দুটি যে যে ছবিতে ব্যবহার করা হয়েছে, সে দুটি ছবির পরিচালক হলেন জাকির হোসেন রাজু, আর প্রযোজক তাপসী ঠাকুর। দুটি ছবিই মুক্তি পেয়েছে দুই ঈদে। পর্দায় দুটি গানেই ঠোঁট মিলিয়েছেন শাকিব খান। অমিল একটিই। দুটি গানের গীতিকার দুজন। প্রথমটি মনিরুজ্জামান মনিরের আর দ্বিতীয়টি মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা।এক বিন্দু ভালোবাসা দাওকথা: মনিরুজ্জামান মনিরসুর ও সংগীতায়োজন: আলী আকরাম কণ্ঠ: এন্ড্রু কিশোর ও কনকচাঁপাচলচ্চিত্র: মনে প্রাণে আছ তুমি মনিরুজ্জামান মনির: শুভ (আলী আকরাম) ফোন করে জানাল, জাকির হোসেন রাজুর ছবির একটি গান লিখতে হবে। মালিবাগ সাসটেইন স্টুডিওতে গানটি নিয়ে দুই দিন বসলাম। কিন্তু পছন্দমতো গান আর হয় না। তৃতীয় দিন শুভর বাসায় চলে গেলাম কয়েকটা মুখ লিখে। এর ভেতর এই মুখটাও ছিল। রোমান্টিক গান তো হয়। কিন্তু অন্য রকম কিছু একটা করার কথা ছিল। অনুপ্রাসের দিকে খেয়াল রেখেছিলাম। যাতে মুখে মুখে ঘোরে। প্রযোজক তাপসী ঠাকুর, রাজুর সঙ্গে রাতে বসলাম। তাঁরাও অনেক পছন্দ করলেন। তবে আমরা সবাই একটু দ্বিধান্বিত ছিলাম। কারণ সিন্ধু মানে তো সাগর। সাধারণ মানুষ এটাকে কীভাবে নেয়, এটা নিয়ে দুশ্চিন্তা ছিল সবার। কিন্তু আমি নিশ্চিত ছিলাম এটা জনপ্রিয় হবে। সুর ও সংগীতায়োজন সব দিক দিয়ে গানটি উতরে গেছে। এন্ড্রু কিশোর এবং কনকচাঁপাও দুর্দান্ত গেয়েছেন। চলচ্চিত্রায়নও ভালো হয়েছে। আসলে একটি গান জনপ্রিয় হতে হলে সবকিছুই ভালো হতে হয়।আলী আকরাম: ২০০৮ সালে মুক্তি পাওয়া এই গানটি করেছিলাম ২০০৭-এর দিকে। নির্মাতা জাকির হোসেন রাজুর সঙ্গে দীর্ঘদিন পর কাজ করছি। তাই একটু বেশি যত্ন নিয়ে কাজটি করছিলাম। ভালো গানের কথা হলে সুরটাও ভালো হয়ে যায়। এই গানের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ‘এক বিন্দু ভালোবাসা দাও’ গানটির জন্য আমি সুরকার হিসেবে ২০০৮ সালের বাচসাস ও ট্র্যাব পুরস্কার পাই। কী জাদু করেছ বলো নাকথা: মোহাম্মদ রফিকুজ্জামানসুর ও সংগীতায়োজন: আলী আকরাম কণ্ঠ: এন্ড্রু কিশোর ও কনকচাঁপাচলচ্চিত্র: আমার প্রাণের প্রিয়াআলী আকরাম: চলচ্চিত্রের প্রতিটি গানের একটা গল্প থাকে। গল্প, প্রেক্ষাপট শুনে সেই অনুযায়ী গান করতে হয়। চলচ্চিত্রের গানের দৃশ্যে গল্পটা ভালো থাকলে গীতিকারও ভালো গান লিখতে পারেন। সুরকারও অনুভব করে হূদয়ছোঁয়া গান উপহার দিতে পারেন। এই গানের ক্ষেত্রে সে রকমটাই হয়েছে। মোহাম্মদ রফিকুজ্জামান অনেক গুণী গীতিকার। এই গানও তিনি খুব সহজ ভাষায় চমৎকার লিখেছেন। মোহাম্মদ রফিকুজ্জামান: গল্পটা বলে পরিচালক আমাকে জানাল খুব সহজ কথায় কিন্তু আকর্ষণীয় একটা গান লিখতে। সাসটেইন স্টুডিওতে গেলাম। এক বসাতেই পুরো গানটি লিখে ফেললাম। আর বিশেষ কোনো স্মৃতি নেই। তবে গানটি তৈরি হওয়ার সময়ই টের পাচ্ছিলাম এটি জনপ্রিয় হবে।এন্ড্রু কিশোর: কনকচাঁপার সঙ্গে আমার অনেক সুপার হিট গান আছে। এই গান দুটির বাইরে ‘কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল’ গানটিও অনেক জনপ্রিয়। আমরা তো চলচ্চিত্রের পেশাদার প্লে-ব্যাকশিল্পী। এ রকম ভালো কথা ও সুরের গান হলে গান গাওয়ার উৎসাহ বেড়ে যায়।কনকচাঁপা: এক বিন্দু ভালোবাসা দাও... গানের কথাগুলোতে খুব মজা পেয়েছিলাম। গাওয়া শেষ করে শুভকে বলছিলাম, গীতিকারেরা বাস্তব-অবাস্তব কত কী যে লেখে, আর আমরা তা-ই গাই। এক বিন্দু ভালোবাসা দিলেই এক সিন্ধু হূদয় কোথা থেকে এনে দেবে? প্রেমে পড়লে অবশ্য এসব পাগলামিই মাথায় ভর করে। মনিরুজ্জামান মনির ভাইয়ের কথাগুলো অনেক প্রেমময় ছিল। আর ‘কী জাদু করেছ বলো না’ গানটি গাওয়ার সময়ই বুঝতে পারছিলাম গানটি হিট হবে। এন্ড্রুদা তো বলেই বসলেন, ‘শুভ রে, মনে হচ্ছে গানটা লেগে যাবে রে।’ আর শুভর কথা কী বলব। ও তো নিপাট ভদ্রলোক। প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না। মেশিনের মতো কাজ করে। গত দুই বছরই আমরা তিনজন একটা করে হিট গান উপহার দিয়েছি। এর বেশি কৃতিত্ব কিন্তু শুভরই।