‘আমাকে প্রশ্ন করার আগে আপনাদের আমি একটা প্রশ্ন করতে চাই।’ গমগমে কণ্ঠে বললেন হারাধন বন্দ্যোপাধ্যায়। আমরা সেই প্রশ্নটি শোনার জন্য অপেক্ষা করছি।‘আপনারা আমার অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন নাকি এবার যে আপনাদের দেশে এলাম, তা নিয়ে কথা বলবেন?’এবার আমাদের মুখে খই ফুটল। ‘আমরা আপনার ব্যাপারে সবকিছুই জানতে চাই।’‘তাহলে শোনো। আমি কিন্তু তোমাদেরই লোক। আমার বাবা যে চাকরি করতেন, তাতে আমাদের কোনো দেশ থাকতে নেই। তিনি ছিলেন স্টেশনমাস্টার। দর্শনা রেলস্টেশনের একটি বাড়িতে আমার জন্ম। ১৯২৬ সালের ৬ নভেম্বর আমি আসি এই সুন্দর পৃথিবীতে।’পানি খাওয়ার জন্য একটু থামলেন তিনি। রাজধানী ঢাকার একটি হোটেলের ডাইনিংয়ে বসে আমরা হারাধন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম গত বছরের নভেম্বরের মাঝামাঝি। অল্প কদিন আগে ছিল তাঁর জন্মদিন। শক্তিশালী এই অভিনেতার কত সিনেমাই তো আমরা দেখেছি। সত্যজিৎ রায়ের কথা জানতে চাই আমরা তাঁর কাছে। এবার চশমার ভেতর থেকে তীক্ষ দৃষ্টি হেনে বললেন, ‘সত্যজিৎ রায় সম্পর্কে কেউ যদি কিছু বলতে চায়, তাহলে এ বিষয়ে সবচেয়ে বেশি অধিকার আছে একজনের।’আমরা ভাবতে থাকি, এবার তিনি তাঁর নিজের নামটিই বলবেন। কিন্তু আমাদের অনুমান মিথ্যে প্রমাণ করে বললেন, ‘সে হলো সৌমিত্র। আর তারপর যদি আর কেউ সত্যজিৎ রায়ের নাড়ি-নক্ষত্র জেনে থাকে, সে হলো সেই লোক, যে তোমাদের সামনে বসে আছে। একটা কথা বলি তোমাদের, (এরই মধ্যে আমরা ‘আপনি’ থেকে ‘তুমি’তে চলে এসেছি) আমি বিশ্বাস করি একটি সিনেমায় পরিচালকই সব। যতটুকু অভিনয় শিখেছি, তাতে কৃতিত্ব দিতে হলে পুরোটাই দিতে হবে সত্যজিৎ রায়কে।’যাদের ডাকে এসেছিলেন এই দেশে, তারা তাড়া দিচ্ছিল। পাবলিক লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যেতে হবে তাঁকে। কিন্তু এত কাছে পেয়ে আমরা ছাড়তে চাইছিলাম না তাঁকে। তিনি তা উপভোগ করছিলেন। কথা বলতে বলতেই তিনি ছুঁয়ে গেলেন তাঁর শৈশব, লেখাপড়া না হওয়া, স্বদেশি আন্দোলন, মঞ্চ আর চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে যাওয়ার ঘটনাগুলো। কীভাবে কুষ্টিয়া থেকে পাড়ি জমালেন কলকাতায়। দারিদ্র্যের অসহনীয় জ্বালার কথাও বললেন। ‘অনেক রাত শুধু মুড়ি খেয়ে থেকেছি।’ তারপর হেসে বললেন, ‘স্বদেশি করতে গিয়ে জেলে গিয়েছিলাম। জেল থেকে বের হয়ে ম্যাট্রিক পরীক্ষা দিলাম। পাস করলাম প্রথম বিভাগে। প্রাইভেটে পরীক্ষা দিয়ে আইএতেও পেয়েছিলাম ফার্স্ট ডিভিশন। চাকরির জন্য রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু কেউ চাকরি দেয়নি। অবশেষে চাকরি পেলাম এক জুতো কোম্পানিতে। যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সেই ব্রিটিশদের কোম্পানিতেই কাজ করতে হয়েছে আমাকে।’ অতনু ব্যানার্জির দেবদূত ছবিতে প্রথম অভিনয় করেছিলেন ১৯৪৮ সালে। এরপর মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ই করে গেছেন। সত্যজিৎ রায়, সন্দীপ রায়ের অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। টেলিভিশন সিরিয়ালেও কাজ করছিলেন।বিদায়ের আগে বলেছিলাম, ‘আপনি তথ্যের খনি। আপনার কাছে যাব কথা শুনতে। ইতিহাস জানতে।’হেসেছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। ঘাড়ে হাত রেখে ছবি তুলতে তুলতে বলেছিলেন, ‘নিশ্চয়ই আবার তোমাদের সঙ্গে দেখা হবে।’হলো না দেখা। ৫ জানুয়ারি তিনি চলে গেলেন। ৮৬ বছর হয়েছিল তাঁর। এখনো মাঝেমধ্যে কানে ভেসে আসে তাঁর গমগমে কণ্ঠ। চশমার গভীর থেকে ভেসে আসা তাঁর সুতীক্ষ চোখ দুটি।