সেই মডার্ন টকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেরি শেরি লেডি’, ‘ইউ ক্যান উইন ইফ ইউ ওয়ান্ট’ ও ‘ব্রাদার লুই’—এমন সব জনপ্রিয় গানগুলো ব্যান্ড মডার্ন টকিংয়ের। ১৯৮৪ সালে জার্মানিতে ডিইটার বোলেন ও থমাস অ্যান্ডার্স—দুজনার সম্মিলিত প্রয়াস ‘মডার্ন টকিং’ প্রথমবারের মতো সংগীতজগতে প্রবেশ করে ‘ইউ আর মাই হার্ট, ইউ আর মাই সোল’ গানের মাধ্যমে। ২৬ বছর আগের সেই গান এখনো ভক্ত-শ্রোতাদের হূদয়ে দাগ কেটে আছে। আর এই দর্শকপ্রিয়তার মাধ্যমে এখনো শীর্ষ ব্যান্ডের তালিকায় মডার্ন টকিংয়ের নাম রয়েছে। প্রথম গানের কল্যাণেই ব্যান্ডটি নিজের দেশসহ ৩৫টি দেশে অ্যালবাম বিক্রির তালিকায় শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছিল। প্রথম অ্যালবামটি সারা বিশ্বে প্রায় ৮০ লাখ কপি বিক্রির রেকর্ড অর্জন করে। শুরু থেকেই দলের সদস্য দুজন হলেও পরবর্তী সময়ে বিভিন্ন সময় যোগ দেন লুইস রডরিয়োজ ও এরিক সিংলটন। তবে এরা দুজন খুব বেশি দিন দলে ছিলেন না।ডিইটার গুনথার বোলেনের জন্ম ১৯৫৪ সালে জার্মানির ওল্ডেনবার্গ শহরে, যাঁর পরিচয় শুধু গানেই সীমাবদ্ধ ছিল না। একাধারে তিনি শিল্পী, গীতিকার, এন্টারটেইনার, টিভি-ব্যক্তিত্ব, প্রযোজক ও লেখক। গানের মাধ্যমেই সেরা কৃতিত্বটি দেখান এ শিল্পী এবং গড়ে তোলেন মডার্ন টকিং ব্যান্ডটি। এককভাবে কাজের স্বীকৃতি হিসেবে সফল সংগীত পরিচালক ও প্রযোজক হিসেবে গোল্ডেন স্টিমিগেবলম অ্যাওয়ার্ড, জার্মানির শিল্পীদের সর্বোচ্চ পুরস্কার টপ অব দ্য পপস, আজীবন সম্মাননা পুরস্কারসহ জিতেছেনে একাধিক জনপ্রিয় সব পুরস্কার। দলের আরেক সদস্য বেরেন্ড উইডাংয়ের জন্ম ১৯৬৩ সালে পশ্চিম জার্মানিতে। যিনি শ্রোতাদের কাছে থমাস অ্যান্ডার্স নামেই পরিচিত। গায়ক, গীতিকার, সংগীত পরিচালকসহ নানা পরিচয়ে পরিচিত থমাসের সংগীতে হাতেখড়ি সাত বছর বয়সে একটি স্টেজ প্রোগ্রামের মাধ্যমে। গানপাগল এ শিল্পী পরবর্তী সময়ে বোলেনের সঙ্গে কাজ শুরু করেন এবং সৃষ্টি করেন মডার্ন টকিং ব্যান্ডটি। প্রথম গান ‘ইউ আর মাই হার্ট, ইউ আর মাই সোল’-এর মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। জার্মানিসহ ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি এশীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে গানটি এবং সঙ্গে সঙ্গে ব্যান্ডটিও। এরপর আর পেছনে তাকাতে হয়নি। দর্শকদের পছন্দ অনুযায়ী গানের মাধ্যমে এগিয়ে যেতে থাকে দলটি। যাত্রা শুরুর তিন বছর পর হঠাৎ করেই আলাদা হয়ে যান বোলেন ও অ্যান্ডার্স। তবে খুব বেশি দিন তারা দূরে থাকতে পারেন নি। দর্শকদের অনুরোধ আর ভালো কিছু গান উপহার দেওয়ার বিষয় মাথায় রেখেই ১৯৯৮ সালে আবার একসঙ্গে কাজ শুরু করেন দুজন। ১৯৯০ সালের আগে গানের একটি জনপ্রিয় স্টাইল ছিল। নতুনভাবে দলটি আবার যাত্রার পর শুরুর দিকে নিজেদের ইউরোপীয় পপসংগীতের খোলস থেকে বেরিয়ে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক ইউরোড্যান্সের স্বাদ দেন দর্শকদের। সংগীতের সঙ্গে নাচের দারুণ এক মিলনের মাধ্যমে নতুন এ কৌশলটিতে ভক্ত-শ্রোতারা মুখ ফিরিয়ে নেয়নি, বরং সানন্দে গ্রহণ করে প্রিয় ব্যান্ডের নতুন এ স্টাইলকে। এই ধারাটি অব্যাহত রাখে দলটি।তাতে খুব দ্রুতই নতুন অ্যালবাম দিয়ে আবারও বিশ্বের বিভিন্ন দেশের সেরা ১০-এর তালিকায় নিজেদের নাম উঠিয়ে নেয় ব্যান্ডটি। স্টুডি অ্যালবাম দ্য ফাস্ট অ্যালবাম, লেটস টক অ্যাবাউট লাভ, রেডি ফর রোমান্স, ইন দ্য মিডল অব নাউহিয়ার, রোমান্টিক ওরিয়র্স, ইন দ্য গার্ডেন অব ভেন্যুস, ব্যাক ফর গুড, অ্যালন, ইয়ার অব দ্য ড্রাগন, আমেরিকা, ভিক্টোরি, ইউনিভার্সসহ জনপ্রিয় সব অ্যালবামের কল্যাণে এখনো শ্রোতাদের মনে জীবন্ত হয়ে আছেন ব্যান্ডের সদস্যরা। শুধু গানের অ্যালবামই নয়, মডার্ন টকিংয়ের রয়েছে ভিডিও অ্যালবামও; এটাও গানের পাশাপাশি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ব্যান্ডটির সর্বশেষ অ্যালবামটি বের হয় ২০০৩ সালে। এরপর আর কোনো অ্যালবাম বাজারে আসেনি। তবে তাদের জনপ্রিয় সব গানের কল্যাণে এখনো শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষেই আছে ব্যান্ডটি। নুরুন্নবী চৌধুরীতথ্যসূত্র: ওয়েবসাইট