সেই সহশিল্পীদের জন্য পরীমনির গরু উপহার
মানবেতর জীবন যাপন করা বাংলাদেশি সিনেমার সহকারী শিল্পীদের পাশে দাঁড়ালেন হাল সময়ের আলোচিত নায়িকা পরীমনি। আজ মঙ্গলবার ঈদের দিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তাঁদের জন্য গরু কোরবানি দিয়েছেন নতুন প্রজন্মের এই নায়িকা। কোরবানি দিতে না পারা এসব সহশিল্পীর জন্য কিছু করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পরীমনি।
প্রথম আলোয় গতকাল সোমবার বাংলাদেশি সিনেমার সহকারী শিল্পীদের নিয়ে ‘ছবি নেই, কাজ নেই, ঈদের আনন্দও নেই’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে সহকারী শিল্পীদের মানবেতর জীবনের চিত্র ফুটে ওঠে। বিষয়টা নজরে আসার সঙ্গে সঙ্গেই মানবেতর জীবন যাপন করা এসব সহকারী শিল্পীর ঈদের দিন অন্য অনেকের মতো কোরবানির আনন্দে রাখার উদ্যোগ নেন এই নায়িকা।
পরীমনি বলেন, ‘এফডিসি আমার দ্বিতীয় পরিবার। এই পরিবারের লোকজন ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন, এটা মানতেই কষ্ট হচ্ছিল। প্রথম আলোয় সহকারী শিল্পীদের ঈদ উদ্যাপনের করুণ চিত্রের সংবাদ দেখে মনটাই খারাপ হয়ে যায়। আগে থেকে নানুবাড়িতে যাওয়ার পরিকল্পনা করলেও শেষে সিদ্ধান্ত বদল করি। নানুবাড়িতে না গিয়ে এফডিসিতে দ্বিতীয় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পালনের সুযোগ হাতছাড়া করলাম না।’

পরীমনি সহকারী শিল্পীদের জন্য গতকাল একটি গরু কেনেন। প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘প্রথম আলো কেন অন্যদের চেয়ে আলাদা ও এগিয়ে, সেটার প্রমাণ আবারও দিল পত্রিকাটি। তারা যদি এই প্রতিবেদন না করত, তাহলে এই নিষ্পাপ মুখগুলোর সঙ্গে ঈদ করার সুযোগটাই পেতাম না।’
চলচ্চিত্রে এক্সট্রা শিল্পী হিসেবে পরিচিত এসব সহকারী শিল্পীর জন্য পরীমনির এমন উদ্যোগের প্রশংসা করেছেন পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। বলেন, ‘আমার দীর্ঘ চলচ্চিত্রজীবনে এমন উদ্যোগ দেখিনি। পরীমনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। আর প্রথম আলোকেও ধন্যবাদ, এ রকম একটা মানবিক বিষয় যথাসময়ে তুলে ধরার জন্য। আমরা এই বিষয়টা সত্যিই জানতাম না, যদি না প্রতিবেদনটি না ছাপা হতো।’

শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ওমর সানীও পরীমনির মতো নবাগত একজন নায়িকার এমন উদ্যোগে ভীষণভাবে গর্বিত। প্রথম আলোকে আজ দুপুরে তিনি বললেন, ‘এটা অসাধারণ একটা উদ্যোগ। এমন উদ্যোগের কোনো তুলনা হয় না। ওর মতো একজন নবাগত নায়িকার এমন একটি উদ্যোগ আমাদের নতুন করে অনেক কিছু ভাবাচ্ছে। সত্যি কথা বলতে, আমাদের চলচ্চিত্রশিল্পের সহকারী শিল্পী ও কলাকুশলীদের অনেকেই অর্থ কষ্টে দিন যাপন করছেন। প্রথম আলোকে সাধুবাদ জানাই, তারা এমনভাবে তাঁদের মানবেতর জীবনের চিত্র তুলে ধরেছে বলে। আমরা শিল্পী সমিতির আরও অনেককে তাঁদের সামর্থ্য অনুযায়ী সহকারী শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি। পরীমনির জন্য অনেক দোয়া রইল, সে যেন অনেক বড় হয়ে আরও অনেক মানুষের সেবা করতে পারে।’
এদিকে ঈদ উপলক্ষে আজ ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত সিনেমা ‘রক্ত’। ওয়াজেদ আলী পরিচালিত এই সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোশান।